BJP Minister Resigns

আগামী লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করতে চান এল মুরুগন, ছাড়লেন কেন্দ্রীয় মন্ত্রিত্ব, রাজ্যসভার পদ থেকে ইস্তফা

২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপির সংগঠন শক্তিশালী করতে কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেতা এল মুরুগন।

বিজেপি নেতা এল মুরুগন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ০৭:৫১

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন বিজেপি নেতা এল মুরুগন। শুধু মন্ত্রিত্ব নয়, রাজ্যসভার সাংসদ পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার সেই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন।

এল মুরুগন জানিয়েছেন, তিনি তৃণমূল স্তরে ফিরে দলের কর্মীদের সঙ্গে কাজ করতে চান। আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচন হবে। তার আগে তামিলনাড়ুতে বিজেপির হয়ে কাজ করতে চান। তামিলনাডুতে দলকে আরও শক্তিশালী করাই তাঁর প্রধান লক্ষ্য বলে দাবি করেছেন। সেই কারণেই কেন্দ্রীয় সরকারের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন তিনি।

পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগকে নিজের জীবনের অন্যতম বড় সম্মান বলে উল্লেখ করেছেন এল মুরুগন। তিনি এ-ও বলেন, তিনি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। তাই কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তামিলনাড়ুর বিজেপি নেতা।

উল্লেখ্য, এল মুরুগন বিজেপির তামিলনাড়ুর প্রাক্তন সভাপতি। গত ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি দলের এই দায়িত্ব সামলেছেন। তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের স্বয়ংসেবক। মুরুগন মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। তাঁর সাংসদ পদের মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত ছিল। তবে চিঠিতে তিনি অবিলম্বে পদ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।

বিজেপি নেতা মুরুগনের এই সিদ্ধান্তে তামিলনাড়ুর রাজনীতিতে বিজেপির সংগঠন মজবুত করার কৌশল নতুন মাত্রা পেল। যদিও তাঁর পদত্যাগের পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে বিস্তারিত ঘোষণা এখনও সামনে আসেনি।


Share