Accident

সাতসকালে অসমে ভয়াবহ দুর্ঘটনার কবলে কলকাতা-সাইরাং এক্সপ্রেস, ইঞ্জিন-সহ বেলাইন পাঁচ কামরা, আহত একাধিক যাত্রী

বুধবার সকালে অসমের গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দিগারুর কাছে লাইনচ্যুত হল ট্রেনটি। বেলাইন হয়ে যায় ট্রেনের ইঞ্জিন-সহ ছ'টি কামরা।

লাইনচ্যুত হয়ে গেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৬ ১১:০০

সাতসকালে দুর্ঘটনার কবলে কলকাতা-সাইরাং এক্সপ্রেস। বুধবার সকালে অসমের গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দিগারুর কাছে ট্রেনটি লাইনচ্যুত হল। ট্রেনের ইঞ্জিন-সহ ছ'টি কামরা বেলাইন হয়ে যায়। দুর্ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন বলে দাবি করেছেন যাত্রীদের একাংশ। যদিও রেলের তরফে প্রাথমিক ভাবে হতাহতের কোনও খবর জানানো হয়নি। শুরু হয়েছে উদ্ধারকাজ।

রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কলকাতা স্টেশন থেকে ছেড়েছিল কলকাতা-সাইরাং এক্সপ্রেস। বুধবার বিকেলে ট্রেনটি মিজোরামের সাইরাংয়ে পৌঁছোনোর কথা ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছোনোর আগেই দুর্ঘটনা। বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দিগারুর কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, প্রথমে ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। তার পর পরই বেলাইন হয়ে যায় আরও পাঁচটি কামরা।

দুর্ঘটনার পরেই শুরু হয় উদ্ধারকাজ। স্থানীয় সূত্রের দাবি, আহতদের মধ্যে কয়েক জনের আঘাত গুরুতর। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে উদ্ধারকাজের গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীদের একাংশ। তাঁদের অভিযোগ, উদ্ধারকাজ চলছে অত্যন্ত ধীরগতিতে।

কী কারণে এই দুর্ঘটনা, তা নিয়ে প্রথমে ধোঁয়াশা তৈরি হয়েছিল। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, খবর পেয়েই রেলের আধিকারিকেরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর তাঁদের কাছে নেই। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের অন্য ট্রেনে করে গন্তব্যে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

পরে রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে দুর্ঘটনার সম্ভাব্য কারণ জানানো হয়। অন্য একটি ট্রেনকে জায়গা করে দেওয়ার জন্য কলকাতা-সাইরাং এক্সপ্রেসকে ‘লুপ’ লাইনে পাঠানো হয়েছিল। সেই লাইনে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে প্রাথমিক অনুমান। তার জেরেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছে রেল।

এই দুর্ঘটনার জেরে সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আপাতত গুয়াহাটি-যোরহাট জন শতাব্দী এক্সপ্রেস এবং কোয়েম্বত্তূর-শিলচর এক্সপ্রেসকে দাঁড় করিয়ে রাখা হয়েছে।


Share