Operation Monsoon Thunder

আমেরিকায় মাদক পাচারের আন্তর্জাতিক চক্রে কলকাতার যোগ! ‘অপারেশন মনসুন থান্ডার’ চালিয়ে গ্রেফতার আবদুল মুত্তালিব, তদন্তে একাধিক প্রশ্ন এনসিবির

ধৃত ছ’জনের নাম-- আরতি সোনি, তেজ দীপক জয়সওয়াল, দীপককুমার তিওয়ারি, যশবন্ত যশ, তালাবাথুলা মনোজ এবং আব্দুল মুত্তালিব। তালাবাথুলা মনোজ হায়দরাবাদের বাসিন্দা এবং আব্দুল মুত্তালিব কলকাতার বাসিন্দা বলে এনসিবি জানিয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি
  • শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৬ ০৯:৩২

আন্তর্জাতিক মাদক পাচারচক্রের বিরুদ্ধে ভারত ও আমেরিকার যৌথ তদন্তে বড়সড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। ‘অপারেশন মনসুন থান্ডার’ (Operation Monsoon Thunder) নামে বিশেষ অভিযানে দেশের চার শহরে তল্লাশি চালিয়ে ছ’জনকে গ্রেফতার করেছে এনসিবি। আমেরিকার ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (DEA)-এর সঙ্গে সমন্বয় করেই এই অভিযান চালানো হয়।

ধৃত ছ’জনের নাম-- আরতি সোনি, তেজ দীপক জয়সওয়াল, দীপককুমার তিওয়ারি, যশবন্ত যশ, তালাবাথুলা মনোজ এবং আব্দুল মুত্তালিব। তালাবাথুলা মনোজ হায়দরাবাদের বাসিন্দা এবং আব্দুল মুত্তালিব কলকাতার বাসিন্দা বলে এনসিবি জানিয়েছে।

গত ৪ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হায়দরাবাদ, দিল্লি, কলকাতা ও লখনউয়ের একাধিক জায়গায় তল্লাশি চালান এনসিবির আধিকারিকেরা। তদন্তে উঠে এসেছে, ধৃতরা একটি আন্তর্জাতিক মাদক পাচার নেটওয়ার্কের ভারতীয় অংশের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। এই চক্রের মাধ্যমে আমেরিকার বিভিন্ন প্রান্তে সাইকোট্রপিক পদার্থ এবং প্রেসক্রিপশন-নির্ভর ওপিওয়েড ও অন্যান্য নিয়ন্ত্রিত ওষুধ সরবরাহ করা হত।

৩ হাজার পার্সেলে প্রায় ৫ লক্ষ ট্যাবলেট

এনসিবির তদন্তে পাওয়া ডিজিটাল তথ্য ও নথি অনুযায়ী, ২০২২ সালের জুন থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত এই চক্রের মাধ্যমে প্রায় ৩,০০০টি পার্সেলে প্রায় ৫ লক্ষ ট্যাবলেট পাঠানো হয়েছে বলে অভিযোগ। এই বিপুল পরিমাণ ওষুধের সরবরাহ মূলত আমেরিকার ক্রেতাদের উদ্দেশে করা হত।

তদন্তকারীরা জানিয়েছেন, চক্রের ভারতীয় সদস্যরা Telegram, Skype এবং WhatsApp-এর মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ওষুধের বরাত নিতেন। পার্সেলের বিবরণ, ক্রেতাদের তথ্য এবং লেনদেনের হিসাব রাখার জন্য Google Sheets-সহ বিভিন্ন ডিজিটাল রেকর্ডও ব্যবহার করা হত।

১,৫০০-র বেশি ট্যাবলেটের চালান শনাক্ত, DEA-র হাতে তথ্য

তদন্ত চলাকালীন আমেরিকায় পাঠানোর জন্য প্রস্তুত একাধিক চালানের সন্ধান পায় এনসিবি। ওই চালানগুলিতে ১,৫০০-র বেশি ট্যাবলেট ছিল বলে জানা গিয়েছে। এই সংক্রান্ত গোয়েন্দা তথ্য আমেরিকার DEA-র সঙ্গে ভাগ করে নেয় ভারতীয় সংস্থা। এরপর DEA দুটি মাদকের চালান আটক করে।

এখানেই শেষ নয়। এনসিবি ৫৯ হাজারেরও বেশি সম্ভাব্য ক্রেতার তথ্য-সম্বলিত একটি ডেটাবেস DEA-র হাতে তুলে দিয়েছে। ওই ডেটাবেসে লেনদেনের বিবরণ, পূর্ববর্তী চালানের তথ্য, সরবরাহের ঠিকানা, মার্কিন ডাক পরিষেবা (USPS)-এর ট্র্যাকিং নম্বর এবং কোন ধরনের ওষুধ অর্ডার করা হয়েছিল, তার বিবরণ রয়েছে। এর সাহায্যে আমেরিকায় থাকা ক্রেতা ও মধ্যস্থতাকারীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে DEA।

হাওয়ালা, ক্রিপ্টোকারেন্সি ও UPI-তে আর্থিক লেনদেন

তদন্তে আরও উঠে এসেছে, এই পাচারচক্রের সদস্যরা একাধিক মাধ্যমে আর্থিক লেনদেন করতেন। Venmo, অন্য ব্যক্তিদের নামে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, UPI এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা লেনদেনের তথ্য পেয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি কমিশন আদায়ের ক্ষেত্রে হাওয়ালা নেটওয়ার্ক ব্যবহারেরও অভিযোগ উঠেছে।

এই অর্থের উৎস, লেনদেনের গতিপথ এবং শেষ পর্যন্ত কারা লাভবান হয়েছেন, তা খতিয়ে দেখছে এনসিবি।

কোন দেশ থেকে আসত ওষুধ? তদন্তে একাধিক আন্তর্জাতিক সূত্র

তদন্তকারীদের হাতে আসা ডিজিটাল নথি এবং উদ্ধার হওয়া ওষুধের ব্র্যান্ড সংক্রান্ত তথ্য থেকে একাধিক দেশ থেকে ওষুধ সংগ্রহের সম্ভাবনা উঠে এসেছে। তবে সেগুলির নির্দিষ্ট উৎস, সংগ্রহের পদ্ধতি এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার সম্পূর্ণ বিবরণ এখনও তদন্তাধীন।

এনসিবি ও DEA-র মধ্যে তথ্য আদানপ্রদান অব্যাহত রয়েছে। আমেরিকায় সক্রিয় এই নেটওয়ার্কের ক্রেতা, ড্রপশিপার এবং অন্যান্য সহযোগীদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে মার্কিন সংস্থা। অন্যদিকে, ভারতের তদন্তকারীরা এই পাচারচক্রের আর্থিক ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত আরও ব্যক্তিদের খুঁজছেন।

আন্তর্জাতিক মাদক পাচারে ডিজিটাল যোগাযোগ, অনলাইন পেমেন্ট এবং ডাক পরিষেবাকে কীভাবে ব্যবহার করা হচ্ছে, ‘অপারেশন মনসুন থান্ডার’ সেই চিত্রই সামনে এনেছে।


Share