Murder

দুই হাত জানালায় আটকে ছুটল গাড়ি, ছাদে ঝুলতে থাকলেন যুবক! কানপুরে দেড় কিলোমিটার টেনে রাস্তায় ফেলে পিষে দেওয়ার অভিযোগ

এরপর রাস্তায় ছুড়ে ফেলে ওই যুবকের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৭ বছরের বীরু সিং ভদৌরিয়ার। পরিবারের দাবি, নৃশংস এই ঘটনার ছবি ধরা পড়েছে এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কানপুর
  • শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ১২:৩৭

উত্তরপ্রদেশের কানপুরে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ। চলন্ত গাড়ির ছাদে তুলে এক যুবকের দুই হাত গাড়ির সামনের জানালায় আটকে প্রায় দেড় কিলোমিটার টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কয়েক জনের বিরুদ্ধে। এরপর রাস্তায় ছুড়ে ফেলে ওই যুবকের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৭ বছরের বীরু সিং ভদৌরিয়ার। পরিবারের দাবি, নৃশংস এই ঘটনার ছবি ধরা পড়েছে এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরায়।

ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। পেশায় একটি খাদ্যপণ্য সংস্থার সেলসম্যান বীরুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হ্যালেট হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার দুপুর ৩টে নাগাদ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতের বাবা রামশঙ্কর সিংয়ের অভিযোগ, কয়েক দিন আগে রাজবীর ও মেওয়ালালের সঙ্গে তাঁর ছেলের অশান্তি হয়েছিল। মঙ্গলবার রাতে দশেরার মেলা থেকে বাড়ি ফিরছিলেন বীরু। সেই সময় একটি গাড়িতে রাজবীর ও আরও তিন জনকে নিয়ে সেখানে আসে মেওয়ালাল। অভিযোগ, প্রথমে বীরুকে বেধড়ক মারধর করা হয়। প্রাণ বাঁচাতে তিনি পালানোর চেষ্টা করলে তাঁকে গাড়ি দিয়ে ধাক্কা মারা হয়।

এরপরই ঘটে নৃশংস ঘটনা। অভিযোগ, বীরুকে গাড়ির ছাদে তুলে তাঁর দুই হাত সামনের জানালার ফাঁকে আটকে দেওয়া হয়। জানালা বন্ধ করে তাঁকে ওই অবস্থায় প্রায় দেড় কিলোমিটার টেনে নিয়ে যায় গাড়িটি। পরে রাস্তায় ছুড়ে ফেলে তাঁর শরীরের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। তিনি বীরুকে চিনতে পেরে তাঁর পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। তাঁদের দাবি, বীরুর শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত ছিল। গাড়ির জানালায় হাত আটকে থাকায় তাঁর আঙুলও থেঁতলে গিয়েছিল।

পরিবারের দাবি, এলাকার এক ডজনেরও বেশি সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনা ধরা পড়েছে। ইতিমধ্যেই দুটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে বলে তাঁদের দাবি। সেই ফুটেজে দ্রুত গতিতে ছুটে চলা গাড়ির ছাদে বীরুকে দেখা গিয়েছে বলে অভিযোগ।

বুধবার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, পুলিশকে জানানো সত্ত্বেও প্রথমে এফআইআর দায়ের করা হয়নি। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানান তাঁরা।

এক পুলিশ আধিকারিকের বক্তব্য, প্রথমে পরিবারের তরফে ঘটনাটিকে পথ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে অভিযোগ জানানো হয়েছিল। পরে তাঁরা খুনের অভিযোগ তোলেন। পুলিশের দাবি, ঘটনার তদন্ত শুরু হয়েছে। গাড়ির নম্বর শনাক্ত করা হয়েছে। অভিযুক্তদের মোবাইল ফোনের অবস্থানও খতিয়ে দেখা হয়েছে। প্রাথমিক তদন্তে মোবাইল ফোনের অবস্থান ফতেপুর জেলার জাহানাবাদ এলাকায় পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন আধিকারিকরা।


Share