Accident

জামশেদপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রীর মেয়ে-সহ চার জনের মৃত্যু

ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন-সহ বিভিন্ন মহল থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চালাচ্ছে পুলিশ।

দুর্ঘটনার পরে দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়ি।
নিজস্ব সংবাদদাতা, জামশেদপুর
  • শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২৪

ঝাড়খণ্ডের জামশেদপুরে মেরিন ড্রাইভে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের। মৃতদের মধ্যে রয়েছেন ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী দীপিকা পাণ্ডে সিংহের মেয়ে তৃষা সিংহ। বৃহস্পতিবার ভোররাতে সোনারি থানার অন্তর্গত দোমুহানি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ৩টে নাগাদ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পিছন থেকে একটি গাড়ি ধাক্কা মারে।

দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভিতরে থাকা চার জনই গুরুতর ভাবে আটকে পড়েন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছোয়। পরে গ্যাস কাটারের সাহায্যে গাড়িটি কেটে চার জনকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মৃতদের মধ্যে তৃষা সিংহ ছাড়াও রয়েছেন সার্থক আগরওয়াল, নমন গুপ্ত এবং বংশিকা খণ্ডেলওয়াল। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য এমজিএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রের খবর, ১৮ বছর বয়সি তৃষা জামশেদপুরের কারমেল জুনিয়র কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়েছিল। ট্রাকটি দুর্ঘটনার আগে কী অবস্থায় ছিল এবং সেটিকে চিহ্নিত করার জন্য পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি দুর্ঘটনার সময় গাড়িটির গতিবেগ এবং চালক কেন নিয়ন্ত্রণ হারাল তার কারণও তদন্তের আওতায় রয়েছে।

ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন-সহ বিভিন্ন মহল থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চালাচ্ছে পুলিশ।


Share