Accident

জয়পুর থেকে কোচবিহারে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! উত্তরপ্রদেশের এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুল্যান্স-পিকআপের সংঘর্ষে মৃত ৫

উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের। শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ বরাবাঁকির সুবেহা থানা এলাকার গেঁরোয়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুল্যান্স।
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার
  • শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৬ ০১:৫১

জয়পুর থেকে অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে কোচবিহারে ফিরছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু বাড়ি ফেরা আর হল না। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের। শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ বরাবাঁকির সুবেহা থানা এলাকার গেঁরোয়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সটি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দুর্ঘটনার অভিঘাতে অ্যাম্বুল্যান্সটি দুমড়েমুচড়ে যায়। গাড়ির জানলার কাচ ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় পিকআপ ভ্যানটিও। স্থানীয় বাসিন্দার বিকট শব্দ শুনে ছুটে আসেন। তাঁরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে সুবেহা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। অ্যাম্বুল্যান্স থেকে পাঁচ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হায়দরগড়ের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম আমিনুর হক (৪০), হরিওম (৩৩), রুপিক (৫০), মকবুল খান (৬২) এবং অ্যাম্বুল্যান্স চালক আলম।

সুবেহা থানার পুলিশ জানিয়েছে, মৃতদের পরিবারের সদস্যদের কোচবিহারে খবর পাঠানো হয়েছে। বরাবাঁকির পুলিশ সুপার রবিনা ত্যাগী জানান, অ্যাম্বুল্যান্সে দু’জন চালক এবং পরিবারের তিন জন সদস্য ছিলেন। দুর্ঘটনায় পাঁচ জনেরই মৃত্যু হয়েছে।

কী কারণে অ্যাম্বুল্যান্সটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। এক্সপ্রেসওয়ের উপর পিকআপ ভ্যানটি কেন দাঁড়িয়ে ছিল, তদন্তকারীরা তা-ও খতিয়ে দেখছেন। দুর্ঘটনাগ্রস্ত দু’টি গাড়ির অবস্থান এবং চালকদের ভূমিকা পরীক্ষা করে দেখছে পুলিশ।

এ দিকে দুর্ঘটনার খবর কোচবিহারের বালাভূতে পৌঁছোতেই শোকের ছায়া নেমে এসেছে। জয়পুর থেকে বাড়ি ফেরার পথে এমন পরিণতিতে শোকস্তব্ধ এলাকার বাসিন্দারা। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত চালাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ।


Share