New Shark Species Discovered in Indian Ocean

ভারত মহাসাগরের গভীর জলে নতুন প্রজাতির হাঙরের সন্ধান, ডিএনএ পরীক্ষায় মিলল স্বতন্ত্র পরিচয়

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, ভারত মহাসাগরের গভীর জলে বসবাসকারী হাঙরটি আটলান্টিকের প্রজাতি নয়, সম্পূর্ণ নতুন স্বতন্ত্র প্রজাতি।

নতুন প্রজাতির হাঙর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ১১:৩৬

সমুদ্রের গভীর অন্ধকারে লুকিয়ে থাকা এক হাঙরকে এত দিন আটলান্টিক মহাসাগরের প্রজাতি বলেই মনে করতেন বিজ্ঞানীরা। কিন্তু ডিএনএ বিশ্লেষণ এবং শারীরিক গঠন পরীক্ষার পর সামনে এল সম্পূর্ণ অন্য তথ্য। ভারত মহাসাগরের গভীর জলে বসবাসকারী এই হাঙর আসলে একটি স্বতন্ত্র প্রজাতি। নতুন এই প্রজাতির নাম দেওয়া হয়েছে ‘ইকিনোরাইনাস রোইনি’। পরিচিতি পেয়েছে ‘ইন্ডিয়ান ব্র্যাম্বল শার্ক’ নামে। সম্প্রতি এই আবিষ্কারের কথা জানিয়েছে জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জ়েডএসআই) এবং আইসিএআর-সেন্ট্রাল মেরিন ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট (সিএমএফআরআই)।

বিজ্ঞানীদের দাবি, কয়েক দশক ধরে ভারতের জলসীমায় ধরা পড়া এই হাঙরকে আটলান্টিক ব্র্যাম্বল শার্ক বা ‘ইকিনোরাইনাস ব্রুকাস’ হিসেবে নথিভুক্ত করা হচ্ছিল। কিন্তু বিস্তারিত গবেষণায় দেখা যায়, ভারত মহাসাগরের এই হাঙরের শারীরিক বৈশিষ্ট্য এবং ডিএনএ-র গঠনে যথেষ্ট পার্থক্য রয়েছে। ফলে একে আলাদা প্রজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘রেকর্ডস অফ দ্য জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’-র ২০২৬ সালের ১২৬তম খণ্ডের বিশেষ সংখ্যায়।

কেরলের কোল্লামের শক্তিকুলঙ্গরা মাছ ধরার বন্দরে চিংড়ি ধরার ট্রলারের জালে ধরা পড়া হাঙরের নমুনা থেকেই এই গবেষণার সূত্রপাত। সমুদ্রের ৩৫০ থেকে ৪৫০ মিটার গভীরে মহীঢালে এদের বসবাস। দৈর্ঘ্যে প্রায় তিন মিটার পর্যন্ত হতে পারে এই প্রজাতির হাঙর। শরীরে রয়েছে বড় কাঁটার মতো ডার্মাল ডেন্টিকল, যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জুড়ে বহু-শাখাযুক্ত প্লেটের আকার নেয়। বড় চোখ, বড় শ্রোণিপাখনা এবং নাক থেকে ফুলকা পর্যন্ত অংশের দৈর্ঘ্যও এদের বিশেষ বৈশিষ্ট্য।

জ়েডএসআইয়ের অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শারীরিক মাপজোক এবং ডিএনএ পরীক্ষার ফলেই এই হাঙরের স্বতন্ত্র পরিচয় নিশ্চিত হয়েছে। গবেষণার সহ-গবেষক বিকেকে বিনীশের মতে, গভীর সমুদ্রের হাঙর প্রায়ই মাছ ধরার বন্দরে এলেও সেগুলির সঠিক প্রজাতি শনাক্ত করা হয় না।

এই আবিষ্কার সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূলে গভীর সমুদ্রের ট্রলার এবং লংলাইনের জালে উল্লেখযোগ্য সংখ্যায় ব্র্যাম্বল শার্ক ধরা পড়ে। এত দিন ভুল প্রজাতির নামে নথিভুক্ত হওয়ায় এদের প্রকৃত সংখ্যা, বিপন্নতার মাত্রা এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণ করা কঠিন ছিল। নতুন প্রজাতির বিজ্ঞানসম্মত নামের ‘রোইনি’ অংশটি নেওয়া হয়েছে জ়েডএসআইয়ের অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায়ের কন্যার নাম থেকে।


Share