Donald Trump

দীর্ঘ টানাপোড়েনের অবসান? ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত, বড় ঘোষণা ট্রাম্পের! কৃষিপণ্য নিয়ে জট কাটল কীভাবে?

অবশেষে কি সেই অচলাবস্থা কাটতে চলেছে? ভারতীয় সময় বুধবার বাণিজ্যচুক্তি নিয়ে বড় ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৬ ১২:১৭

দীর্ঘদিনের টানাপোড়েন, দফায় দফায় আলোচনা— তবুও চূড়ান্ত সমাধানসূত্র মিলছিল না ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে। বিশেষ করে কৃষিজ পণ্যের বাজার খোলা নিয়ে দুই দেশের মতপার্থক্য চুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে কি সেই অচলাবস্থা কাটতে চলেছে? ভারতীয় সময় বুধবার বাণিজ্যচুক্তি নিয়ে বড় ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। একইসঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, এই চুক্তির শর্ত ওয়াশিংটনের আগের বাণিজ্যচুক্তিগুলির থেকে একেবারেই আলাদা হতে চলেছে।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “ভারত চুক্তিটি চূড়ান্ত করতে চায়। আমরাও মুখিয়ে আছি। তবে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে।” পাশাপাশি তাঁর দাবি, প্রস্তাবিত এই চুক্তি আমেরিকার আগে করা বাণিজ্যচুক্তিগুলির থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। যদিও চুক্তির শর্তাবলি কিংবা কোন কোন বিষয়ে দুই দেশ সহমত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি আমেরিকার প্রেসিডেন্ট।

বর্তমানে ভারত সফরে রয়েছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। এর আগে তিনিও ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার পথে বলে ইঙ্গিত দিয়েছিলেন। তার পরেই ট্রাম্পের এই ঘোষণা ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে চলা বাণিজ্যিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত কি সমঝোতার পথে হাঁটতে চলেছে নয়াদিল্লি ও ওয়াশিংটন?

সূত্রের খবর, এই চুক্তির ক্ষেত্রে অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কৃষিজ পণ্যের বাণিজ্য। আমেরিকা চাইছে, নিজেদের কৃষিজ পণ্যের জন্য ভারতের বাজার আরও উন্মুক্ত হোক। কিন্তু মার্কিন কৃষিপণ্যের অবাধ প্রবেশের ফলে দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা ভারতের। বিশেষত, কৃষকদের স্বার্থের প্রশ্নে কোনও রকম আপস করতে নারাজ নয়াদিল্লি। কৃষিজ পণ্যের বাজার খুলে দেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক দিক থেকেও স্পর্শকাতর। উত্তরপ্রদেশের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটের আগে এমন পদক্ষেপের জেরে কৃষকদের অসন্তোষ বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে কৃষিজ পণ্যের বাণিজ্য নিয়ে দুই দেশের মধ্যে কীভাবে সমঝোতা হল, তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্পের বক্তব্যে চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার ইঙ্গিত মিললেও কোন কোন শর্তে ঐকমত্য তৈরি হয়েছে, সে বিষয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। ফলে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি বাস্তবায়িত হওয়ার আগে এখন নজর থাকবে দুই দেশের পরবর্তী পদক্ষেপের দিকে।


Share