INDI Alliance Protest

জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে দিল্লির রাস্তায় প্রতিবাদে ইন্ডি জোট, ব্যারিকেডে দিয়ে মিছিল আটকাল আটকাল পুলিশ, দুরত্ব বজায় রাখল আম আদমি পার্টি

এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পথে ইন্ডি জোটের বিরোধী সাংসদরা। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মিছিল ও অবস্থান বিক্ষোভে অংশ নেন ১৪০-র বেশি সাংসদ।

মিছিল করছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ১২:৩৯

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের রাস্তায় ইন্ডি জোটের বিরোধী সাংসদরা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তুলে মঙ্গলবার সংসদভবন থেকে নির্বাচন কমিশনের সদর দফতর পর্যন্ত মিছিল করেন বিরোধী সাংসদরা। মূল দাবি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ।

প্রায় ১৪০ জনেরও বেশি বিরোধী সাংসদ এই কর্মসূচিতে অংশ নেন। সংসদ চত্বর থেকে মিছিল শুরু হওয়ার পর নির্বাচন ভবনের কাছে পৌঁছোতেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেয়। এরপর সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন বিরোধী নেতারা। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, ডি. রাজা-সহ একাধিক নেতা ধর্নায় বসেন। বিক্ষোভকারীদের তরফে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্লোগানও ওঠে।

বিক্ষোভ ঘিরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে জন্য নয়াদিল্লি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিপুল সংখ্যক দিল্লি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ রাস্তা ও মোড়ে একাধিক ব্যারিকেড বসানো হয়। মিছিলের জেরে কনট প্লেস, প্যাটেল চক, অশোকা রোড, জন্তর মন্তর রোড-সহ বেশ কয়েকটি এলাকায় যান চলাচলেও নিয়ন্ত্রণ জারি করা হয়েছে।

সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদব-সহ কয়েকজন তরুণ সাংসদ পুলিশের ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। অন্যদিকে, শিবসেনা-ইউবিটি সাংসদ সঞ্জয় রাউতও মিছিলে যোগ দেন। তিনি দাবি করেন, তাঁরা শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানাতে চেয়েছিলেন।

এ দিকে, এই কর্মসূচি থেকে দূরত্ব বজায় রেখেছে আম আদমি পার্টি। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহ জানিয়েছেন, এসআইআর নিয়ে তাঁদের আন্দোলন চলবে, তবে ইন্ডি জোটের এই কর্মসূচিতে দল অংশ নিচ্ছে না। তাঁর বক্তব্য, তাঁরা নিজেদের মতো করে এই লড়াই চালিয়ে যাচ্ছেন।

বিরোধীদের অভিযোগ, এসআইআর এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। অন্য দিকে, নির্বাচন কমিশন এসআইআর সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।


Share