Accident

মধ্যপ্রদেশে প্রতিমা বিসর্জনের মাঝে ভয়াবহ বিপর্যয়! ছিঁড়ে পড়ল হাইভোল্টেজ তার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ যুবকের, আহত ১১

এই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন আরও ১১ জন বলে জানিয়েছেন মন্ত্রী রাকেশ সিং। আহতদের দেখতে হাসপাতালে যান তিনি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মধ্যপ্রদেশ
  • শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ০৩:০৯

মধ্যপ্রদেশে প্রতিমা বিসর্জন ঘিরে ভয়াবহ দুর্ঘটনা। জব্বলপুরে বিসর্জন চলাকালীন হাইভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে মৃত্যু হল দুই যুবকের। মৃতদের নাম বিকাশ রাজপুত (২২) এবং প্রিন্স চৌহান (২৩)। এই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন আরও ১১ জন বলে জানিয়েছেন মন্ত্রী রাকেশ সিংহ। আহতদের দেখতে হাসপাতালে যান তিনি। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে।

এই দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। তাঁদের অভিযোগ, এমন বিপদের আশঙ্কা আগে থেকেই ছিল। তা সত্ত্বেও প্রশাসনের তরফে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্ঘটনার সময়েও প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

বাসিন্দাদের আরও অভিযোগ, দুর্ঘটনার পর আহতদের দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও সেখানে কোনও চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন না। প্রায় ৩০ মিনিট পর চিকিৎসক আসেন। ততক্ষণে বিকাশ ও প্রিন্সের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনও গাফিলতি হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।


Share