Mid-Day-Meal

নুনের বদলে খাবারে কাপড় কাচার সাবান! বিহারের স্কুলে মিড-ডে-মিলে গাফিলতি, হাসপাতালে চিকিৎসাধীন ৪০ পড়ুয়া

মঙ্গলবারও সেই নিয়মেই খাবার এসেছিল। খাবার পরিবেশনের পর পড়ুয়ারা জানায়, সয়াবিনের তরকারিতে নুন হয়নি। এরপর তাদের অনুরোধে স্কুল থেকেই নুন দেওয়া হয়। কিন্তু পরে জানা যায়, নুনের পরিবর্তে ভুল করে কাপড় কাচার গুঁড়ো সাবানই খাবারে দেওয়া হয়েছিল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বিহার
  • শেষ আপডেট: ১৯ আগস্ট ২০২৬ ০১:৫৪

নুনের বদলে পড়ুয়াদের পাতে পড়েছিল কাপড় কাচার গুঁড়ো সাবান। ছাত্র-ছাত্রীরা ভাতের সঙ্গে সয়াবিনের তরকারিতে সেটিই মিশিয়ে খেয়ে ফেলেছিল। অভিযোগ, খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। পেটের যন্ত্রণায় ছটফট করার পাশাপাশি কয়েক জন বমিও করতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে অসুস্থ পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত অন্তত ৪০ জন ছাত্রছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দা জেলার পারসি মিডল স্কুলে। স্কুল কর্তৃপক্ষই ঘটনার দায় স্বীকার করেছেন। তাঁদের দাবি, ভুলটি স্কুলের তরফেই হয়েছিল। স্কুলে প্রতিদিন মিড-ডে মিলের খাবার অন্য একটি স্কুল থেকে আসে। মঙ্গলবারও সেই নিয়মেই খাবার এসেছিল। খাবার পরিবেশনের পর পড়ুয়ারা জানায়, সয়াবিনের তরকারিতে নুন হয়নি। এরপর তাদের অনুরোধে স্কুল থেকেই নুন দেওয়া হয়। কিন্তু পরে জানা যায়, নুনের পরিবর্তে ভুল করে কাপড় কাচার গুঁড়ো সাবানই খাবারে দেওয়া হয়েছিল। তার কিছুক্ষণের মধ্যেই একের পর এক পড়ুয়া অসুস্থ হতে শুরু করে। স্কুল কর্তৃপক্ষ অসুস্থ ছাত্রছাত্রীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।

স্কুল সূত্রে জানা গিয়েছে, সম্ভবত স্কুলেরই কোনও কর্মী ভুলবশত পড়ুয়াদের খাবারে নুনের পরিবর্তে গুঁড়ো সাবান দিয়ে ফেলেছিলেন। সেই খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন পড়ুয়া। ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ করে। অসুস্থ পড়ুয়াদের তড়িঘড়ি বিহার শরিফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর আপাতত সকলেই স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, পড়ুয়াদের প্রয়োজনীয় চিকিৎসা করা হয়েছে এবং বর্তমানে তারা সকলেই নিরাপদ। তবে শারীরিক অবস্থার উপর নজর রাখতে বুধবারও তাঁদের হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

খবর পেয়ে মঙ্গলবারই রাজ্যের গ্রামোন্নয়নমন্ত্রী শ্রবণ কুমার হাসপাতালে পৌঁছোন। সেখানে তিনি অসুস্থ পড়ুয়া ও তাঁদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসা ঠিকমতো চলছে কি না, তা-ও খতিয়ে দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন। তবে ঘটনার পর প্রশ্ন উঠেছে স্কুলের মিড-ডে মিল ব্যবস্থাপনা নিয়ে।

ঘটনায় অভিভাবকদের একাংশ ক্ষোভে ফুঁসছেন। তাঁদের অভিযোগ, মিড-ডে মিল পরিবেশনের ক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মানা হয়নি। তাঁদের প্রশ্ন, পড়ুয়াদের খাবারে নুনের বদলে গুঁড়ো সাবান কীভাবে মিশে গেল? ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের এমন গাফিলতি কী করে হল, তা নিয়েও উঠছে প্রশ্ন।

সে প্রশ্নের জবাব না দিলেও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, কী ভাবে খাবারের পড়ুয়াদের খাবার রাখার জায়গায় গুঁড়ো সাবানের প্যাকেট রাখা হল তা খতিয়ে দেখছে তাঁরা।


Share