Imran Khan Protest

‘জীবনে আর কোনও বিক্ষোভে অংশ নেব না’, ককরোচ-যোগ বিতর্কে বম্বে হাইকোর্টে অঙ্গীকার অভিনেতা ইমরানের

ককরোচ-যোগ বিতর্কে বম্বে হাইকোর্টে ভবিষ্যতে আর কোনও বিক্ষোভে অংশ না নেওয়ার অঙ্গীকার করলেন অভিনেতা ইমরান খান, জমা দিতে হবে অঙ্গীকারপত্রও।

বলিউড অভিনেতা ইমরান খান
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ০৬:৪১

ভারত ছাড়ার নোটিস ঘিরে আইনি জটিলতার মুখে বলিউড অভিনেতা ইমরান খান। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (FRRO) জারি করা ‘লিভ ইন্ডিয়া নোটিস’-কে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এবার আদালতে শুনানি চলাকালীন ভবিষ্যতে আর কোনও বিক্ষোভে অংশ না নেওয়ার অঙ্গীকার করলেন অভিনেতা। ককরোচ-যোগ ঘিরে বিতর্কের আবহে তাঁর এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রধান বিচারপতি এম সি ত্রিপাঠি এবং বিচারপতি অদ্বৈত শেঠনার বেঞ্চে মামলাটির শুনানি হয়। গত সপ্তাহেই সংশ্লিষ্ট নোটিসের উপর স্থগিতাদেশ দিয়েছিল আদালত। শুনানিতে ইমরানের সিনিয়র আইনজীবী ভেঙ্কটেশ ধোন্দ দাবি করেন, যে সংগঠনের বিক্ষোভ নিয়ে বিতর্ক, তার সঙ্গে অভিনেতার কোনও যোগ নেই। ইমরানকে জিজ্ঞাসাবাদ বা তলবও করা হয়নি বলে আদালতে সওয়াল করেন তিনি। তাঁর বক্তব্য, মামলায় উল্লিখিত ধারাগুলি জামিনযোগ্য।

অন্যদিকে, রাজ্য সরকারের আইনজীবী জানান, এই ঘটনায় একটি এফআইআর দায়ের হয়েছে। FRRO-র পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিং আদালতে দাবি করেন, অভিনেতার বিরুদ্ধে তাঁদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। তাঁর অভিযোগ, বিক্ষোভের সঙ্গে সম্পর্ক অস্বীকার করলেও ইমরানের সোশ্যাল মিডিয়া পোস্ট, আপলোড করা বিষয়বস্তু এবং একটি সাক্ষাৎকার খতিয়ে দেখা প্রয়োজন। অভিনেতার বিপুল সংখ্যক অনুরাগীও রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

শুনানিতে নিজের নাগরিকত্বের প্রসঙ্গও তোলেন ইমরানের আইনজীবী। তিনি জানান, অভিনেতার কাছে মার্কিন পাসপোর্ট এবং ওসিআই (OCI) কার্ড রয়েছে। আমেরিকায় জন্ম হলেও ছোটবেলা থেকে ভারতে বসবাস, বিয়ে এবং বলিউডে কাজ করেছেন ইমরান। আগে তাঁর পিআইও (PIO) কার্ডও ছিল।

তবে আদালত জানায়, অভিযোগগুলি অত্যন্ত গুরুতর। ওসিআই কার্ডধারী হিসেবে ইমরান ভারতীয় নাগরিকের সমান অধিকার দাবি করতে পারেন না বলেও মন্তব্য করে বেঞ্চ। এসআইআর নিয়ে মন্তব্য এবং সংশ্লিষ্ট বিক্ষোভে অংশগ্রহণের অধিকার নিয়েও প্রশ্ন তোলে আদালত। পাশাপাশি, দীর্ঘদিন ভারতে বসবাস করলে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করছেন না কেন, সেই প্রশ্নও করা হয়। ইমরানের আইনজীবী জানান, এ বিষয়ে নির্দেশ নিয়ে আদালতে অঙ্গীকারপত্র জমা দিতে তিনি প্রস্তুত। ওসিআই কার্ডধারী হিসেবে অভিনেতাকে অঙ্গীকারপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।


Share