Fuel Price Hike

পশ্চিম এশিয়া সংকটের প্রভাব, ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, আরও বৃদ্ধির আশঙ্কা বিশেষজ্ঞদের

দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ৮৭ পয়সা বেড়ে হয়েছে ৯৮ টাকা ৬৪ পয়সা। আগে এই দাম ছিল ৯৭ টাকা ৭৭ পয়সা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ০৩:০৮

পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। মঙ্গলবার থেকে কার্যকর হওয়া নতুন দরে দেশের বিভিন্ন শহরে লিটার প্রতি প্রায় ৯০ পয়সা পর্যন্ত বৃদ্ধি করেছে তেল সংস্থাগুলি। এর আগে গত শুক্রবারই দুই জ্বালানির দাম গড়ে তিন টাকা বাড়ানো হয়েছিল।

দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ৮৭ পয়সা বেড়ে হয়েছে ৯৮ টাকা ৬৪ পয়সা। আগে এই দাম ছিল ৯৭ টাকা ৭৭ পয়সা। একই সঙ্গে ডিজেলের দাম ৯১ পয়সা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯১ টাকা ৫৮ পয়সায়, যা আগে ছিল ৯০ টাকা ৬৭ পয়সা।

সবচেয়ে বেশি দাম বেড়েছে কলকাতায়। গত পাঁচ দিন আগেও শহরে পেট্রলের দাম ছিল ১০৮ টাকা ৭৪ পয়সা। মঙ্গলবার থেকে লিটার প্রতি ৯৬ পয়সা বৃদ্ধি পাওয়ায় নতুন দাম হয়েছে ১০৯ টাকা ৭০ পয়সা। পাশাপাশি ডিজ়েলের দাম ৯৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ টাকা সাত পয়সায়।

চেন্নাইয়ে পেট্রলের দাম ৮২ পয়সা বেড়ে হয়েছে ১০৪ টাকা ৪৯ পয়সা। সেখানে ডিজ়েলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৬ টাকা ১১ পয়সা। অন্যদিকে মুম্বইয়ে পেট্রলের নতুন দাম হয়েছে ১০৭ টাকা ৫৯ পয়সা, যা আগের তুলনায় ৯১ পয়সা বেশি। ডিজ়েলের দামও ৯৪ পয়সা বেড়ে হয়েছে ৯৪ টাকা আট পয়সা।

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানির ব্যবহার কমানোর বার্তা দিয়েছেন। পাশাপাশি রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা এবং রাসায়নিক সারের দাম বৃদ্ধির আশঙ্কাও তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের একাংশের মতে, আগামী দিনে পেট্রল-ডিজ়েলের দাম আরও বাড়তে পারে। যদিও গত প্রায় ১১ মাস ধরে জ্বালানির দামে বড় কোনও পরিবর্তন হয়নি, তবে পশ্চিম এশিয়ার অস্থিরতার কারণে সরবরাহে চাপ তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দীর্ঘদিন ধরেই কেন্দ্রের কাছে মূল্যবৃদ্ধির দাবি জানাচ্ছিল। তারই জেরে গত শুক্রবার পেট্রল ও ডিজেলের দাম গড়ে তিন টাকা এবং সিএনজি-র দাম দু'টাকা বাড়ানো হয়েছিল। তার পাঁচ দিনের মধ্যেই ফের জ্বালানির দামে নতুন বৃদ্ধি কার্যকর হল।


Share