Narendra Modi Birthday

প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানে গরহাজির, পড়ুয়াদের ৫০০ টাকা জরিমানার নিদান আইআইএম জম্মুর, কটাক্ষ কংগ্রেসের

আইআইএম জম্মুর এক মুখপাত্রের বক্তব্য, পাঠ্যক্রমের বাইরে এই ধরনের অনুষ্ঠানে যোগদান করলে পড়ুয়াদের সামগ্রিক নাকি বিকাশ ঘটে। তিনি স্পষ্ট জানান, কারও কাজ থেকে জরিমানা আদায় করা হয়নি। বিষয়টি নিয়ে অযথা রাজনীতি হচ্ছে। শীঘ্রই একটি বৈঠক করা হবে বলেও জানান তিনি।

পড়ুয়াদের কাছ থেকে জরিমানা চাওয়ার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ ০১:১১

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের অনুষ্ঠানে গরহাজির থাকায় ছাত্রদের জরিমানার নিদান দেওয়ার অভিযোগ উঠল আইআইএম জম্মুর কর্তৃপক্ষের বিরুদ্ধে। শুধু তাই নয়, অনুষ্ঠানে কেন তাঁরা অনুপস্থিত ছিল তার জন‍্য কারণ দর্শানোর জন্যও নাকি তাঁরা নির্দেশ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি সামনে আসতেই সমালোচনার সরব হয়েছে কংগ্রেস।

গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন ছিল। ওই দিন সরকারের তরফেও প্রদীপ জ্বালিয়ে উৎসবে শামিল হতে আবেদন জানানো হয়েছিল। দেশের বিভিন্ন প্রান্তে সেই মতো প্রদীপ জ্বালিয়ে, হোমযজ্ঞ করে, আতসবাজি ফাটিয়ে নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করে বিজেপির নেতা-কর্মীরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও সরকারি উদ্যোগে নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনের ছবি ধরা পড়ে। সেই মতো আইআইএম জম্মুতেও প্রদীপ জ্বালিয়ে মোদির জন্মদিন পালিত হয়।

জানা গিয়েছে, নরেন্দ্র মোদীর জন্মদিন পালনের ওই অনুষ্ঠানে কিছু পড়ুয়া অংশ নেননি। এর পরই আইআইএম জম্মুর ছাত্র পরিষদের তরফে শৃঙ্খলাভঙ্গের নোটিস জারি করা হয়েছে। তাতে বলা হয়, “সকলকে জানানো হচ্ছে, গত ১৬ সেপ্টেম্বর প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানে নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। তার পরও যাঁরা অংশ নেননি, তাঁদের লিখিত ভাবে কারণ জানাতে হবে। কৈফেয়ত দিতে হবে কেন তাঁরা গরহাজির ছিলেন।”

নোটিসে আরও বলা হয়, “একমাত্র শারীরিক অসুস্থতাজনিত কারণে গরহাজির থাকলে ছাড় মিলবে। তবে সেক্ষেত্রে সঞ্জীবনী (ক্যাম্পাসের ডিসপেন্সারি) থেকে লিখিত আনতে হবে। ওই সময় বিশ্রাম নিতে বলা হয়েছিল কি না তা লেখা থাকতে হবে। ১৮ সেপ্টেম্বরের মধ্যে জবাবদিহি করতে হবে। অন্যথায় ৫০০ টাকা জরিমানা করা হবে।”

বিষয়টি সামনে আসতেই কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেসে সাধারণ সম্পাদক সৈয়দ নসির হোসেন লেখেন, “কেন মোদীর জন্মদিন পালনে পড়ুয়াদের হাজিরা বাধ্যতামূলক? এটা আইআইএম কর্তৃপক্ষেরই দেখার দায়িত্ব। ক্যাম্পাসে নরেন্দ্র মোদীর প্রচার কি বর্তমানে বাধ্যতামূলক? শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ সবকে দূরে রাখা উচিত।”

পোস্টটি সামনে আসতেই সংবাদমাধ্যমে‍ বিতর্ক শুরু হয়েছে। বিতর্কের মুখে পড়ে আইআইএম জম্মুর এক মুখপাত্রের বক্তব্য, পাঠ্যক্রমের বাইরে এই ধরনের অনুষ্ঠানে যোগদান করলে পড়ুয়াদের সামগ্রিক নাকি বিকাশ ঘটে। তিনি স্পষ্ট জানান, কারও কাজ থেকে জরিমানা আদায় করা হয়নি। বিষয়টি নিয়ে অযথা রাজনীতি হচ্ছে। শীঘ্রই একটি বৈঠক করা হবে বলেও জানান তিনি।


Share