Supreme Court

সকাল থেকে বিনামূল্যে খাবার দেওয়া শুরু করলে কাজ কেউ করবে? ‘খয়রাতি সংস্কৃতি’ নিয়ে দেশের সমস্ত রাজ‍্যকে বার্তা সুপ্রিম কোর্টের

অর্থনীতিবিদদের বক্তব্য, রাজ্য সরকারগুলি কর্মসংস্থান দিতে পারছে না। সম্পদ তৈরি হচ্ছে না। অবাধে সম্পদ বন্টন করা হচ্ছে। এর ফলেই রাজ‍্যের অর্থনীতিতে ঘাটতির পরিমান বাড়ছে।

সুপ্রিম কোর্ট
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:২৩

দেশের বিভিন্ন রাজ্যে দান খয়রাতির সংস্কৃতি নিয়ে আবার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুর রাজ্য বিদ‍্যুৎ বন্টন সংস্থা একটি মামলায় শীর্ষ আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, সব রাজ্যেই রাজস্ব ঘাটতি রয়েছে। তার পরেও খয়রাতির রমরমা চলছে।

তামিলনাড়ু রাজ‍্য বিদ্যুৎ বণ্টন সংস্থা সবাইকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দিতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল‍্য বাগচীর এবং বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে।

খয়রাতির সংস্কৃতি নিয়ে তামিলনাড়ু সরকারকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “দেশে কী ধরণের সংস্কৃতি তৈরি করছি আমরা?” একই সঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চের বক্তব্য, “আমরা বুঝতে পারছি, যাঁরা বিদ‍্যুতের বিল দিতে পারবেন না, তাঁদের জন্য আপনাদের এই উদ্যোগ। কিন্তু কে বিদ‍্যুতের বিল দিতে পারবে আর কে পারবে না, তা না আলাদা করে কীভাবে পরিষেবা দেওয়া শুরু করে দিলেন? এটা কি তুষ্ট করার নীতি নয়?”

প্রধান বিচারপতি শুধু তামিলনাড়ু নয় প্রতিটি রাজ্যকেই খয়রাতি সংস্কৃতি নিয়ে ভর্ৎসনা করেছেন। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, রাজ‍্যগুলির উচিত কর্মসংস্থান তৈরি করা। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “যদি আপনারা সকাল থেকে বিনামূল্যে খাবার দেওয়া শুরু করেন, সন্ধ্যায় বিনামূল্যে সাইকেল দেন, তার পর আবার নিখরচায় বিদ্যুৎও দেন, তা হলে কে আর কাজ করবে? কর্মসংস্কৃতির কী হবে?” বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “আমরা একটি রাজ্যের কথা বলছি না। এটা সব রাজ্যের বিষয়েই বলা হচ্ছে।”

নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নানা রকম প্রতিশ্রুতি দিয়ে থাকে। এই বছর পশ্চিমবঙ্গেও নির্বাচন রয়েছে। তার আগে বেকারদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ‍্য সরকার। চলছে ‘যুবসাথী’ জন্য নাম নথিভুক্ত করার কাজ। বিজেপির দাবি, তাঁরা ক্ষমতায় এলে বেকারদের চাকরি দেবে। আবার চলতি রাজ‍্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এ ক্ষেত্রে বিজেপির দাবি, তাঁরা ক্ষমতায় এলে ৩ হাজার টাকা করে ভাতা দেবে। শুধু পশ্চিমবঙ্গ নয়, তামিলনাড়ুতেও নির্বাচন হবে।

অর্থনীতিবিদদের বক্তব্য, রাজ্য সরকারগুলি কর্মসংস্থান দিতে পারছে না। সম্পদ তৈরি হচ্ছে না। অবাধে সম্পদ বন্টন করা হচ্ছে। এর ফলেই রাজ‍্যের অর্থনীতিতে ঘাটতির পরিমান বাড়ছে।


Share