Arrest

নিজের গাড়িচালকের গুলিতে জখম আইবি আধিকারিক, গ্রেফতার অভিযুক্ত

জখম আধিকারিক সিপি নটিয়াল গোয়েন্দা দফতরে পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক। ঘটনায় তাঁর অস্থায়ী গাড়িচালক বিনোদ নেগিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কী কারণে তিনি নিজের আধিকারিককে লক্ষ্য করে গুলি চালালেন, তা এখনও স্পষ্ট নয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হরিদ্বার
  • শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৬ ১০:০৮

নিজেরই গাড়িচালকের গুলিতে জখম হলেন ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) এক উচ্চপদস্থ আধিকারিক। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বারে। জখম আধিকারিক সিপি নটিয়াল গোয়েন্দা দফতরে পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক। ঘটনায় পুলিশ তাঁর অস্থায়ী গাড়িচালক বিনোদ নেগিকে গ্রেফতার করেছে। তবে কী কারণে তিনি নিজের আধিকারিককে লক্ষ্য করে গুলি চালালেন, তা এখনও স্পষ্ট নয়। কাজের অতিরিক্ত চাপ থেকে কোনও ক্ষোভের জেরে এই ঘটনা কি না, তদন্তকারীরা তা-ও খতিয়ে দেখছেন।

পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ অবস্থায় সিপি নটিয়ালকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ঋষীকেশের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এমস)-এ স্থানান্তরিত করা হয়। অভিযুক্ত গাড়িচালক ওই আধিকারিকের মাথা লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন বলে জানা গিয়েছে। তবে গুলি তাঁর কপাল ঘেঁষে বেরিয়ে যায়। ইতিমধ্যে জখম আধিকারিকের একটি ছবিও প্রকাশ্যে এসেছে। তাতে তাঁর মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বিনোদ নেগি গোয়েন্দা দফতরের স্থায়ী কর্মী নন। অস্থায়ী ভিত্তিতে তাঁকে গাড়িচালক হিসেবে নিয়োগ করা হয়েছিল। ‘দৈনিক ভাস্কর’-এর প্রতিবেদন অনুযায়ী, কাজের চাপের কারণে অভিযুক্ত হীনমন্যতায় ভুগছিলেন। যদিও এই দাবির সত্যতা এখনও আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেনি পুলিশ।

হরিদ্বারের সিনিয়র পুলিশ সুপার নবনীত সিংহ ভুল্লর জানিয়েছেন, এক আধিকারিককে তাঁরই গাড়িচালক গুলি করেছেন। জখম আধিকারিকের প্রাথমিক চিকিৎসা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে গুলি চালানোর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

তদন্তকারীদের আরও দাবি, অভিযুক্তের কাছে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ছিল। সেটি দিয়েই তিনি আইবি আধিকারিককে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ। কী ভাবে ওই আগ্নেয়াস্ত্র তাঁর হাতে এল, কোথা থেকেই বা সেটি সংগ্রহ করেছিলেন, পুলিশ তা খতিয়ে দেখছে।


Share