Illegal IVF Center in Hostel

গার্লস হোস্টেলের আড়ালে ডিম্বাণু বিক্রির চক্র! হায়দরাবাদে পুলিশের অভিযানে উদ্ধার ৫৫ মহিলা

হোস্টেলের ভিতর থেকে উদ্ধার হয়েছে প্রচুর সিরিঞ্জ, হরমোনের ইঞ্জেকশনের খালি বোতল, ওষুধপত্র এবং বন্দি অবস্থায় থাকা ১২ জন মহিলা। তদন্তে পুলিশের অনুমান, হোস্টেলের আড়ালে বড়সড় আইভিএফ বা ফার্টিলিটি সংক্রান্ত চক্র চালানো হচ্ছিল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হায়দরাবাদ
  • শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৬ ০৩:৫২

বাইরে থেকে দেখলে আর পাঁচটা সাধারণ গার্লস হোস্টেলের মতোই মনে হবে। কেউ পড়াশোনা করতে এসেছেন, কেউ আবার চাকরির সূত্রে থাকছেন। কিন্তু সেই হস্টেলের আড়ালেই চলছিল ডিম্বাণু বিক্রির অবৈধ কারবার। হায়দরাবাদের বেগমপুরের এমিনিতা গার্লস হোস্টেলে মধ্যরাতে অভিযান চালিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্যের সন্ধান পেল পুলিশ। হোস্টেলের ভিতর থেকে উদ্ধার হয়েছে প্রচুর সিরিঞ্জ, হরমোনের ইঞ্জেকশনের খালি বোতল, ওষুধপত্র এবং বন্দি অবস্থায় থাকা ১২ জন মহিলা। তদন্তে পুলিশের অনুমান, হোস্টেলের আড়ালে বড়সড় আইভিএফ বা ফার্টিলিটি সংক্রান্ত চক্র চালানো হচ্ছিল।

স্থানীয় বাসিন্দাদের দাবি, হস্টেলের আশপাশে অস্বাভাবিকভাবে পুরুষদের যাতায়াত বাড়তে থাকায় সন্দেহ তৈরি হয়। বিষয়টি তাঁরা ‘মাই হোম ভূমি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে জানান। সংস্থার তরফে খোঁজখবর নেওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। এরপরই অভিযান চালায় পুলিশ। তদন্তে জানা যায়, উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডের মতো রাজ্যের দরিদ্র পরিবার থেকে আসা মহিলাদের চাকরি কিংবা ক্যাটারিংয়ের কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে আসা হত। তাঁদের কাছ থেকে আসল পরিচয়পত্র ও নথিপত্র কেড়ে নিয়ে জোর করে ডিম্বাণু সংগ্রহ ও বিক্রির কাজে ব্যবহার করা হত বলে অভিযোগ।

পুলিশের তদন্তে আরও উঠে এসেছে, ডিম্বাণু সংগ্রহের ক্ষেত্রে একই মহিলার পরিচয় একাধিকবার ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ। বিভিন্ন নামে আধার কার্ড তৈরি করে এই কারবার চালানোর অভিযোগ উঠেছে। এমনকি একই মহিলার নামে দু'টি আধার কার্ডও পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপের তথ্য খতিয়ে দেখেও তদন্তকারীরা চক্রের হদিস পাওয়ার চেষ্টা করছেন।

এর পরেই শেট্টি মহিলা হস্টেলেও মধ্যরাতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরও ৪৩ জন মহিলাকে উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে দুই হস্টেল থেকে ৫৫ জন মহিলার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেশের সহায়ক প্রজনন প্রযুক্তি সংক্রান্ত আইন অনুযায়ী, ডিম্বাণু দান বা সংগ্রহের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও বিধিনিষেধ রয়েছে। একই মহিলার ক্ষেত্রে বারবার ডিম্বাণু সংগ্রহেরও অনুমতি নেই। ফলে এই চক্রের সঙ্গে কারা জড়িত, কীভাবে মহিলাদের আনা হত এবং কোন কোন ফার্টিলিটি সেন্টারের যোগ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।


Share