Drugs Seized

নির্বাচনমুখী পঞ্জাব থেকে উদ্ধার ১৫ কোটি টাকার হেরোইন, হায়দরাবাদে চকলেটের প‍্যাকেটে করে মাদক পাচার রুখল ডিআরআই, গ্রেফতার দোহা ফেরত যাত্রী

দেশ জুড়ে অভিযান চালিয়ে গত ২৯ সেপ্টেম্বর পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিআরআই-এর দাবি, এই অভিযানগুলি থেকে স্পষ্ট যে মাদক পাচারকারীরা দেশের বিভিন্ন রুট ব্যবহার করার পাশাপাশি পাচারের জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করছে।

নির্বাচনমুখী পঞ্জাব থেকে বিপুল মাদক বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় সংস্থা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ১১:৫৩

নির্বাচনমুখী পঞ্জাবের ডিআরআই-এর অভিযানে বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণ হেরোইন। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) এই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছে। অন্য দিকে, হায়দরাবাদে ডিআরআইয়ের আরেকটি অভিযানে বিপুল পরিমাণে কোকেইন এবং অম্ফেটামিন ট‍্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। দু’টি অভিযানে মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, পঞ্জাবের জলন্ধরের কাছে ফিল্লোওর এলাকায় ডিআরআই অভিযান চালায়। মাদক পরিবহণের বিষয়ে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর সতলুজ নদীর ওপর সেতুর কাছে একাধিক গাড়িতে নজরদারি শুরু করেন। তল্লাশির সময় একটি ভাড়া করা পুল ট্যাক্সিতে এক যাত্রীকে দেখে তাঁদের সন্দেহ হয়। তাঁর কাছে তল্লাশি চালিয়ে নীল রঙের একটি ব্যাগ থেকে তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটের ভিতরে আরও দু’টি ছোট প্যাকেট ছিল। ভিতরে থাকা পাউডার জাতীয় পদার্থ পরীক্ষা করার পরে তা হেরোইন বলে নিশ্চিত করা হয়। মোট ৩.৫৭৪ কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ব‍্যক্তিকে ডিআরআই গ্রেফতার করা হয়েছে।

অন‍্য দিকে, হায়দরাবাদে রাজীব গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে আটক করে তল্লাশি চালিয়ে ৪.৯ কেজি কোকেইন বাজেয়াপ্ত করেছে ডিআরআই। ওই যুবক দোহা থেকে আসছিল। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই যাত্রীকে আটক করে তল্লাশি চালায় গোয়েন্দারা। তাঁর কেবিন ব্যাগ পরীক্ষা করার সময় সাতটি চকোলেটের টিউবের ওজন অস্বাভাবিক ভাবে বেশি থাকায় সন্দেহ হয় আধিকারিকদের। এরপর টিউবগুলি খুলে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ২০৭টি হালকা হলুদ রঙের ডিম্বাকৃতি ক্যাপসুল। চকোলেটের সঙ্গে অত্যন্ত কৌশলে ক্যাপসুলগুলি লুকিয়ে রাখা হয়েছিল বলে ডিআরআই দাবি করেছে। ক্যাপসুলগুলির ভিতরে থাকা সাদা গুঁড়ো পরীক্ষা করে কোকেন বলে নিশ্চিত করা হয়। ওজন করার পরে মোট ৪.৯ কেজিতে এসে কোকেইনের পরিমাণ এসে দাঁড়ায়। ওই যুবককে বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় মামলা রুজু করা হয়েছে। দেশ জুড়ে অভিযান চালিয়ে গত ২৯ সেপ্টেম্বর পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিআরআই-এর দাবি, এই অভিযানগুলি থেকে স্পষ্ট যে মাদক পাচারকারীরা দেশের বিভিন্ন রুট ব্যবহার করার পাশাপাশি পাচারের জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করছে। কখনও চকোলেটের টিউবের ভিতরে ক্যাপসুল লুকিয়ে, আবার কখনও সাধারণ ব্যাকপ্যাকের মধ্যে মাদক বহন করে পাচারের চেষ্টা করা হচ্ছে। সংগঠিত মাদক পাচার নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে মাদক পাচার বন্ধ করতে কেন্দ্রীয় সংস্থা অভিযান চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।


Share