Shoot Out

পুলিশের নজর এড়াতে চেহারায় বদল, মুম্বইয়ে চালাত ক‍্যাব, বারবার বাড়ির ঠিকানা বদল, টাইগার শ্রফ-কান্ড দাবি পুলিশের

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ঋত্বিক সাধারণত নিজের মতো থাকত। প্রতিবেশীদের সঙ্গে খুব বেশি মেলামেশা করত না। তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় কার্যত তাঁরা বিস্মিত।

(বাঁ দিক থেকে) টাইগার শ্রফ এবং অভিযুক্ত ঋত্বিক কুমার।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৬ ০৭:২৭

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপরে হামলার পরিকল্পনা করা হয়েছিল দু’মাস আগেই। পুলিশের নজর এড়াতে চেহার বদল করেছিল গুলি চালানোর ঘটনা ঘটনায় অন্যতম অভিযুক্ত ঋত্বিক কুমার ওরফে রোশন ফাইটার। এমনকী, নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকা শুরু করেছিল। একবার নয় একাধিক বার বাড়ির ঠিকানা বদল করেছিল। ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে পুলিশ রাজস্থানের কোটা থেকে গ্রেফতার করেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করেই এই তথ্য মিলেছে বলে পুলিশ দাবি করেছে।

তদন্তকারীদের দাবি, বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা ঋত্বিক কুমার ওরফে রোশন ফাইটার প্রায় চার বছর আগে মুম্বইয়ে আসে। সেখানে এসে অ‍্যাপ বাইক চালানোর কাজ করত। মুম্বইয়ে আসার আগে তার মাথায় লম্বা চুল ছিল। বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপরে হামলার ঘটনার দু’মাস আগে মাথার চুল কামিয়ে ন‍্যাড়া হয়ে যায়। তদন্তকারীদের অনুমান, এলাকার মানুষ যাতে সহজে তাঁকে চিনতে না পারেন, সেই উদ্দেশ্যেই নিজের চেহারায় এই পরিবর্তন এনেছিল। তবে ঘটনার দিন গুলি চালানোর সময় তার চুল কিছুটা বড় হয়ে গিয়েছিল বলে তদন্তকারীরা দাবি করেছেন।

ভাড়া বাড়িতেই থাকত ঋত্বিক কুমার। পুলিশের নজর এড়াতে যে শুধু চেহারা বদল করেছে এমনটা নয়, মুম্বইয়ে বারবার বাড়ি পরিবর্তন করেছে ঋত্বিক। তবে গ্রেফতারির পরে ঋত্বিক যে ঠিকানা পুলিশকে দিয়েছিল তা ভুয়ো বলে পুলিশ দাবি করেছে। এ ক্ষেত্রে তাঁদের বক্তব্য, যে ঠিকানা ঋত্বিক তাঁদের দিয়েছিল তা অভিযুক্তের পুরনো বাসস্থানের ঠিকানা। ওই বাড়ি সে কয়েক মাস আগেই ছেড়ে দিয়েছিল।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ঋত্বিক সাধারণত নিজের মতো থাকত। প্রতিবেশীদের সঙ্গে খুব বেশি মেলামেশা করত না। তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় কার্যত তাঁরা বিস্মিত।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। সেই সময় অভিনেতা ফুটবল খেলে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই ঘটনাটি ঘটে। গাড়িতে হামলার ঘটনায় তাঁর চালক-সহ আরও এক ব্যক্তি আহত হন বলে জানা গিয়েছে। বরাত জোরে প্রাণে বাঁচেন টাইগার শ্রফ। এই ঘটনায় হৃতিক কুমার ওরফে রোশন ফাইটার, হরিয়ানার রেহান এবং নাবালক ফুল সিংহকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন অভিযুক্তের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

মুম্বইয়ে ঘটনা ঘটিয়ে রাজস্থানে পালানোর চেষ্টা করে। কোটা স্টেশনে ট্রেনে যাত্রার সময় তিন জনকে আটক করা হয়। ঘটনার নেপথ‍্যে কারা রয়েছে, হামলার উদ্দেশ্য কী এবং অভিযুক্তদের প্রত্যেকের নির্দিষ্ট ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের জেরা করে এই ঘটনার নেপথ্যে থাকা বৃহত্তর ষড়যন্ত্র সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।


Share