Middle East Conflict

হরমুজ প্রণালীতে ফের ক্ষেপণাস্ত্র হামলা! ইউএইর দুই তেলবাহী ট্যাঙ্কারকে নিশানা, নিহত এক ভারতীয় নাবিক, আহত আরও আট

আহত হয়েছেন আরও আট জন। সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, আহতদের মধ্যে ছ’জন ভারতীয় ও দু’জন ইউক্রেনের নাগরিক।

ফের হরমুজ প্রণালীতে আক্রান্ত জাহাজ।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৬ ১১:৫৩

হরমুজ প্রণালীতে ফের উত্তেজনা। সংযুক্ত আরব আমিরশাহির দু’টি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এই হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আট জন। সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, আহতদের মধ্যে ছ’জন ভারতীয় ও দু’জন ইউক্রেনের নাগরিক।

এর আগে গত রবিবার ওমান উপকূলের কাছে সাইপ্রাসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজও হামলার মুখে পড়েছিল। জাহাজটিতে থাকা ১১ জন ভারতীয় নাবিকের মধ্যে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও এক জন নিখোঁজ রয়েছেন। সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল ভারত। তার মধ্যেই হরমুজ প্রণালীতে ফের ভারতীয় নাবিক থাকা জাহাজে হামলার ঘটনায় পশ্চিম এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মঙ্গলবার ভোরে ওমানের জলসীমায় তেলবাহী দু’টি ট্যাঙ্কার মোম্বাসা এবং আল বাহিয়াকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। সংযুক্ত আরব আমিরশাহির দাবি, হামলার সময় দুই জাহাজই ওমানের জলসীমায় অবস্থান করছিল। ওই হামলায় মোম্বাসা জাহাজে কর্মরত এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই ট্যাঙ্কারেই আগুন লাগলেও পরে নাবিকদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই হামলার তীব্র নিন্দা করেছে সংযুক্ত আরব আমিরশাহি। দেশটির পক্ষ থেকে ঘটনাটিকে ‘নির্লজ্জ আক্রমণ’ বলে উল্লেখ করা হয়েছে এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও জানানো হয়েছে। অন্য দিকে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় দুই জাহাজে হামলার দায় স্বীকার করেছে

ইরানের প্রকাশিত বিবৃতিতে দাবি করা হয়েছে, হরমুজ প্রণালীতে দু’টি ‘সুপারট্যাঙ্কার’ (বৃহৎ আকারের তেলবাহী জাহাজ) হামলার মুখে পড়ে অচল হয়ে গিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বক্তব্য, একাধিক সতর্কবার্তা উপেক্ষা করেই জাহাজ দু’টি হরমুজ প্রণালী দিয়ে এগোচ্ছিল। তাদের দাবি, নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে মাইন পাতা একটি রুট ব্যবহার করার চেষ্টা করছিল ওই জাহাজগুলি। সেই কারণেই হামলা চালিয়ে সেগুলিকে অচল করে দেওয়া হয়েছে। তবে কোন জাহাজের উপর হামলা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও নাম উল্লেখ করেনি ইরান। সংযুক্ত আরব আমিরশাহি যে দু’টি জাহাজের কথা জানিয়েছে, ইরানের দাবি সেই একই জাহাজকে ঘিরে কি না, তা এখনও স্পষ্ট নয়। ইরানের দাবি, হরমুজে ‘অবৈধ ভাবে’ চলাচলের জন্য জাহাজগুলিকে উস্কানি দিচ্ছে আমেরিকা।


Share