Landslide

মুম্বইয়ের ঘাটকোপারে ভারী বৃষ্টির জেরে নামল ধস, ধ্বংসস্তূপের নীচে আটকে ছয়, দু’জনের মৃত্যু, চলছে উদ্ধারকাজ

স্থানীয়েরাই উদ্ধার করে দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পরে আরও চার জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

মুম্বইয়ে চলছে উদ্ধারকাজ।
নিজস্ব সংবাদদাতা, মুম্বই
  • শেষ আপডেট: ১২ আগস্ট ২০২৬ ১০:২৯

ভারী বৃষ্টির জেরে মুম্বইয়ের ঘাটকোপারে নামল ধস। ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। এখনও ছ’জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছেন। পুলিশ, দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে।

বৃহম্মুম্বই পুরসভার তরফে জানানো হয়েছে, এই ঘটনাটি ভোর ৩টে ৪৫ মিনিট নাগাদ ঘটেছে। মুম্বইয়ের অশোকা রোডের পাহাড়ি এলাকায় ধস নেমেছে। পাথর যুক্ত কাদামাটির স্রোতে অন্তত আটটি বাড়ি ধসে পড়েছে। সেই সময় প্রায় সকলেই ঘুমিয়ে ছিলেন।

পুরসভার এক আধিকারিকের কথায়, ধ্বংসস্তূপের নীচে তিন থেকে চার জন এখনও আটকে রয়েছেন। কিন্তু স্থানীয়দের বক্তব্য, নীচে এখনও ১০ জন চাপা পড়ে রয়েছেন। স্থানীয়েরাই উদ্ধার করে দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পরে আরও চার জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঘটনায় মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার গণেশ শিন্দে বলেন, “মুম্বইয়ের ঘটকোপার এলাকায় অশোকা রোডের ধস নেমেছে। দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ চলছে।” ওই এলাকায় গতরাত থেকে টানা বৃষ্টি চলছে। দুর্গম এলাকায় উদ্ধারকাজ ব‍্যহত হচ্ছে বলেও জানান তিনি।


Share