Murder

হরিয়ানার হাঁসিতে জিমের সামনে পাঁচ সেকেন্ডে ১০ রাউন্ড গুলি, মৃত ২৫ বছর বয়সী জিমের মালিক, তদন্তে পুলিশ

প্রত্যক্ষদর্শীদের দাবি, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দীপককে লক্ষ্য করে প্রায় ১০ রাউন্ড গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হরিয়ানা
  • শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ০৩:০৮

হরিয়ানার হিসার জেলার হাঁসি এলাকায় বৃহস্পতিবার ভোরে এক জিম মালিককে লক্ষ্য করে দুঃসাহসিক গুলিবর্ষণ। পুলিশ সূত্রের খবর, নিহত যুবকের নাম দীপক ওরফে কপিল (২৫)। তিনি হাঁসি এলাকার একটি জিমের মালিক ছিলেন। তাঁর বাড়ি জিন্দ জেলার দালামওয়ালা গ্রামে হলেও বর্তমানে হাঁসির শান্তিনগর এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ হাঁসির ফাওয়ারা চক এলাকায় জিমের সামনে দাঁড়িয়ে কয়েকজন যুবক-যুবতীর সঙ্গে কথা বলছিলেন দীপক। সেই সময় মোটরবাইকে চেপে আসা দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী আচমকাই তাঁর উপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দীপককে লক্ষ্য করে প্রায় ১০ রাউন্ড গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

হামলায় পথচলতি এক তরুণীও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গুরুতর জখম অবস্থায় দীপক ও ওই তরুণীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা দীপককে মৃত ঘোষণা করেন। আহত তরুণীর চিকিৎসা চলছে।

ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই হাতে পেয়েছে পুলিশ। ফুটেজে দেখা গিয়েছে, জিমের বাইরে কয়েকজন শরীরচর্চা করছিলেন। সেই সময় একটি মোটরবাইক এসে দাঁড়ায়। বাইকের পিছনে বসা সাদা টুপি পরা এক যুবক নেমে পিস্তল বের করে দীপকের দিকে পরপর গুলি চালায়। হামলার পর মুহূর্তের মধ্যেই দু’জন দুষ্কৃতী মোটরবাইকে চেপে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত শত্রুতা, পুরনো বিরোধ বা ব্যবসায়িক কোনও বিবাদের জেরে এই হামলা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।


Share