Accident

গুয়াহাটির কাছে লাইনচ্যুত কলকাতা-সৈরং এক্সপ্রেস, দুর্ঘটনার আগেই ব্রেক বিকল হওয়ার আশঙ্কা চালকের! কেবিনের ভিডিয়ো ভাইরাল

ব্রেকের সম্ভাব্য ত্রুটির কথা জানিয়েছিলেন বলে দাবি। দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের সেই ভিডিয়োই এ বার ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

লাইনচ্যুত হয়ে গেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস।
নিজস্ব সংবাদদাতা, গুয়াহাটি
  • শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৬ ০২:৪৪

গুয়াহাটি স্টেশন ছাড়ার কিছু ক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারাল কলকাতা-সৈরং এক্সপ্রেস। অন্য ট্রেনকে জায়গা করে দিতে ডিগারু স্টেশনে ঢোকার সময়ই ঘটে বিপত্তি। ব্যারিকেডে ধাক্কা মারার আগে ট্রেনের চালক ব্রেকের সম্ভাব্য ত্রুটির কথা জানিয়েছিলেন বলে দাবি। দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের সেই ভিডিয়োই এ বার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেবিনের ভিতরে থাকা ক্যামেরায় ধরা পড়েছে চালকের আতঙ্কিত কণ্ঠস্বর থেকে শুরু করে দুর্ঘটনার মুহূর্ত।

ভাইরাল ভিডিয়োয় চালককে বলতে শোনা যায়, ‘‘সিগন্যাল লাল। আপৎকালীন ব্যবস্থা কাজ করছে না। কোনও কিছুই কাজ করছে না।’’ এর কয়েক সেকেন্ডের মধ্যেই বিকট শব্দে ব্যারিকেডে ধাক্কা মারে ট্রেনটি। এক্স হ্যান্ডলে ‘নেক্সমিনিটনিউজ৭’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে।

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (এনএফআর) সূত্রে খবর, অন্য একটি ট্রেনকে জায়গা করে দেওয়ার জন্য কলকাতা-সৈরং এক্সপ্রেসকে ডিগারু স্টেশনে প্রবেশ করানো হচ্ছিল। সেই সময় ট্রেনের গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন চালক। এর জেরেই ট্রেনটি ব্যারিকেডে ধাক্কা মারে। ইঞ্জিন-সহ পাঁচটি কামরা লাইনচ্যুত হয়।

বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ডিগারুর কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন বলে দাবি। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর বলেও স্থানীয় সূত্রে খবর। যদিও হতাহতের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত নয়।

মঙ্গলবার সকালে ট্রেনটি কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল। বুধবার বিকেলে মিজ়োরামের সৈরংয়ে পৌঁছোনোর কথা ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছোনোর আগেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার পরেই শুরু হয় উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে উদ্ধারকাজের গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীদের একাংশ। তাঁদের অভিযোগ, দুর্ঘটনার পর উদ্ধারকাজে দেরি হওয়ায় আহতদের দ্রুত চিকিৎসা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


Share