Encounter

গুয়াহাটির হোটেলে পাঁচ খুনের মূল অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু! শৌচকর্মে নেমে পুলিশের পিস্তল ছিনতাইয়ের চেষ্টা, পালটা গুলিতে শেষ ঘনকান্ত

অভিযুক্ত ৩৪ বছর বয়সি ঘনকান্ত গগৈয়ের। মঙ্গলবার শিবসাগরের গৌরীসাগর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হন তিনি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, গুয়াহাটি
  • শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১২:৪০

গুয়াহাটির হোটেলে পাঁচ খুনের ঘটনায় বড় মোড়। অসম পুলিশের এনকাউন্টারে মৃত্যু হল এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ৩৪ বছর বয়সি ঘনকান্ত গগৈয়ের। মঙ্গলবার শিবসাগরের গৌরীসাগর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হন তিনি। এরপর তাঁকে উদ্ধার করে শিবসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, গুয়াহাটির হোটেল শুটআউট মামলায় আদালতে পেশের পর ঘনকান্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। পরে ২০২৪ সালের একটি ব্যাঙ্ক জালিয়াতির মামলায় তাঁকে গ্রেফতার করে শিবসাগর পুলিশ। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিয়ে যাওয়ার পথেই ঘটে এনকাউন্টার। শিবসাগরের এসএসপির দাবি, গৌরীসাগর এলাকায় পুলিশের গাড়ি থেকে নেমে শৌচকর্ম করার সময় তদন্তকারী আধিকারিকের সার্ভিস পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ঘনকান্ত। তাঁকে আটকাতে গিয়ে ধস্তাধস্তিতে গুরুতর আহত হন ওই পুলিশ আধিকারিক। পরিস্থিতি সামাল দিতে এবং আত্মরক্ষার্থে এক পুলিশকর্মী গুলি চালান। আহত পুলিশ আধিকারিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর গুয়াহাটির উলুবাড়ি এলাকার একটি হোটেলে ভয়াবহ গুলিচালনার ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিলেন বাড়ির মালিক হেলেনা ভরালি, তাঁর ছেলে দেবর্ষি কাশ্যপ-সহ পরিবারের অন্য সদস্যরা এবং নারায়ণ দাস। ঘটনায় গুরুতর আহত হন পরিবারের গাড়িচালক সত্যেন্দ্র পাঠক। প্রাথমিক তদন্তে বাড়ি লিজ নেওয়া এবং ভাড়া সংক্রান্ত বিবাদকেই এই হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করেছেন তদন্তকারীরা। এ বার মূল অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড় এল।


Share