Gold Adulteration

সোনায় ভেজাল ধরার উপায় নেই! ওজন বাড়াতে মেশানো হচ্ছে চিনা ধাতু, উদ্বেগ বাড়ছে দেশজুড়ে

‘দৈনিক ভাস্কর’-এর ‘Adulteration in Gold Exposed; Purity Test Passed’ শীর্ষক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী, ২৪ ক্যারাটের ৭.৮৩০ গ্রাম সোনার সঙ্গে এক গ্রাম রিনিয়াম পাউডার মেশানো হয়েছিল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৬ ০১:২২

সোনার কারবারে বড়সড় ভেজালের অভিযোগ ঘিরে দেশজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। খাঁটি সোনার ওজন বাড়াতে তাতে চিনা ধাতুর গুঁড়ো মেশানো হচ্ছে। সবচেয়ে আশঙ্কার বিষয়, এই ভেজাল এতটাই নিখুঁত কৌশলে মেশানো হচ্ছে যে, সাধারণ যন্ত্রে সোনার বিশুদ্ধতা পরীক্ষা করেও তা ধরা পড়ছে না বলে অভিযোগ। ভারতের একাধিক রাজ্যে চিন থেকে এই বিশেষ ধাতু সরবরাহ করা হচ্ছে বলেও এক তদন্তমূলক রিপোর্টে দাবি করা হয়েছে।

‘দৈনিক ভাস্কর’-এর ‘Adulteration in Gold Exposed; Purity Test Passed’ শীর্ষক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী, ২৪ ক্যারাটের ৭.৮৩০ গ্রাম সোনার সঙ্গে এক গ্রাম রিনিয়াম পাউডার মেশানো হয়েছিল। ফলে মোট ওজন দাঁড়ায় ৮.৮৩০ গ্রাম। কিন্তু পরবর্তী সময়ে শুদ্ধতা পরীক্ষায় ওই সোনাকে ২৪ ক্যারাট খাঁটি সোনা বলেই চিহ্নিত করে পরীক্ষার যন্ত্র। অর্থাৎ, ভেজাল ধরা পড়েনি।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, প্রতিদিন ভারতে প্রায় ২০০০ থেকে ২২০০ কেজি সোনা বিক্রি হয়। ফলে এই কৌশলে কত মানুষ খাঁটি সোনা ভেবে ভেজাল গয়না কিনেছেন, তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টির সত্যতা যাচাই করতে চিনের শেনঝেনের এক এজেন্টের সঙ্গে যোগাযোগ করেন ‘দৈনিক ভাস্কর’-এর প্রতিনিধিরা। ওই এজেন্টের দাবি, সোনার গয়নায় ২৫ শতাংশ পর্যন্ত রিনিয়াম মেশানো হলেও সাধারণ শুদ্ধতা পরীক্ষায় তা ধরা পড়ে না। মুম্বই, আমদাবাদ-সহ ভারতের একাধিক রাজ্যে তিনি এই ধাতু সরবরাহ করেন বলেও জানিয়েছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি ১০০ গ্রাম রিনিয়ামের দাম ৩০০০ থেকে ৩৪০০ ডলারের মধ্যে।

এর পর মুম্বইয়ের এক এজেন্টের কাছ থেকে ৫০০০ টাকায় এক গ্রাম রিনিয়াম কেনে ‘দৈনিক ভাস্কর’। ক্যুরিয়ার বাবদ খরচ হয় আরও ৩০০ টাকা। জোধপুরে এক স্বর্ণকারের সাহায্যে ২৪ ক্যারাটের সোনার সঙ্গে ওই ধাতু মিশিয়ে পরীক্ষা করা হয়। একইভাবে ২২ ক্যারাটের সোনাতেও অন্য ধাতুর গুঁড়ো মেশানো হয়। একাধিক জায়গায় পরীক্ষা করিয়েও ভেজাল ধরা পড়েনি বলে দাবি করা হয়েছে রিপোর্টে।

শুধু রিনিয়াম নয়, সোনার ওজন বাড়াতে রুথেনিয়াম, ইরিডিয়াম এবং অসমিয়ামের মতো ভারী ধাতু ব্যবহারের অভিযোগও সামনে এসেছে। ‘মিন্ট’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশের ইন্দৌরের সরাফা বাজারে এই ধরনের ধাতু সোনার সঙ্গে মেশানো হচ্ছে বলে উদ্বেগ ব্যবসায়ীরা প্রকাশ করেছেন। ধাতুগুলি সোনার তুলনায় ভারী হওয়ায় কষ্টিপাথর কিংবা অ্যাসিড দিয়ে পরীক্ষা করেও ভেজাল শনাক্ত করা কঠিন হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। পাশাপাশি, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গের বাজারে ‘গোল্ড পাউডার’ নামের একটি উপাদানের প্রবেশ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তবে রিনিয়াম চিন থেকে গুঁড়ো অবস্থায় আসছে, নাকি দেশের মধ্যেই তা গুঁড়ো করা হচ্ছে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট প্রমাণ মেলেনি।

উল্লেখযোগ্যভাবে, সোনার গয়নায় ভেজাল ও ভুয়ো হলমার্কের সমস্যা নিয়ে সম্প্রতি ক্যাগের খসড়া রিপোর্টেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কেন্দ্রকে পাঠানো ওই রিপোর্টে গত পাঁচ বছরে ভুয়ো হলমার্কযুক্ত সোনার রমরমা বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, সোনার দোকান ও শোরুমে বিএইএসের নজরদারি এবং নিয়মিত শুদ্ধতা পরীক্ষার ক্ষেত্রেও ঘাটতির কথা তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে, সাধারণ ক্রেতারা যে সোনা কিনছেন, তার প্রকৃত বিশুদ্ধতা কতটা নিশ্চিত, সেই প্রশ্নই আরও জোরালো হচ্ছে।


Share