Thread of Bomb Blast

ইমেলে বোমা হুমকি, তড়িঘড়ি ফাঁকা করা হল দিল্লির নয়টি স্কুল, তল্লাশিতে নেমেছে বম্ব স্কোয়াড

হুমকির ইমেলে লেখা ছিল, ‘দিল্লি খালিস্তান হয়ে যাবে।’ সেখানে আফজল গুরুর প্রসঙ্গও উল্লেখ করা হয়। পাশাপাশি দাবি করা হয়, বেলা একটা ১১ মিনিটে বিস্ফোরণ ঘটানো হবে। ইমেলের প্রেরক হিসেবে নিজেদের ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’ বলে পরিচয় দেওয়া হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০১

সোমবার সকালে দিল্লির ন’টি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি। এ দিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে ন'টার মধ্যে বেশ কয়েকটি ইমেলে হুমকি আসে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এর পরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দ্রুত স্কুল খালি করে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং বম্ব স্কোয়াড।

হুমকির ইমেলে লেখা ছিল, ‘দিল্লি খালিস্তান হয়ে যাবে।’ সেখানে আফজল গুরুর প্রসঙ্গও উল্লেখ করা হয়। পাশাপাশি দাবি করা হয়, বেলা ১টা ১১ মিনিটে বিস্ফোরণ ঘটানো হবে। ইমেলের প্রেরক হিসেবে নিজেদের ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’ বলে পরিচয় দেওয়া হয়েছে। এমনকী, আগামী ১৩ ফেব্রুয়ারি পার্লামেন্টে বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুরো বিষয়টি নিয়ে দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে।

যে স্কুলগুলির নাম ইমেলে উল্লেখ ছিল, সেগুলির মধ্যে রয়েছে দিল্লি ক্যান্টনমেন্টের লরেটো কনভেন্ট, রোহিণীর ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুল, শ্রীনিবাসপুরীর কেমব্রিজ স্কুল, সাদিক নগরের ইন্ডিয়ান স্কুল, রোহিণীর সিএম শ্রী স্কুল, ডিটিইএ স্কুল, বাল ভারতী স্কুল এবং মানব স্থলী স্কুল।

পুলিশ সূত্রের খবর, হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন স্কুলে তল্লাশি শুরু হয়। পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়৷ পাশাপাশি, শিক্ষক ও কর্মীদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এখনও পর্যন্ত কোনও স্কুল থেকে সন্দেহজনক বস্তু মেলেনি। কারা এই ইমেল পাঠিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, দিল্লিতে এর আগেও একাধিকবার স্কুলে বোমা হামলার ভুয়ো হুমকি এসেছে। গত ২৯ জানুয়ারিও ইমেলের মাধ্যমে দিল্লির পাঁচটি স্কুলে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল।


Share