Shoot Out

টাইগার শ্রফের ওপরে হামলার ঘটনায় গ্রেফতার মহিলা-সহ পাঁচ জন, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট, নিয়ে আসা হচ্ছে মুম্বইয়ে

পুলিশ জানিয়েছে, গুলি চালানোর পিছনে প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-এক্সটরশন সেল এই ঘটনার তদন্ত করছে। ইতিমধ্যেই জুহু থানায় মামলা রুজু করা হয়েছে।

বলিউড অভিনেতা টাইগার শ্রফ।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৬ ১১:৫৩

অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় আরও পাঁচ জনকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন দুই মহিলাও। হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যাটা বেড়ে দাঁড়াল আট। বুধবার এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার রাজতিলক রোশন।

পুলিশের তরফে ধৃতদের পরিচয়ও জানানো হয়েছে। তাঁরা হলেন— হরিয়ানার সোনিপত জেলার বাসিন্দা কুণাল (২১) ও সুমিত (১৯) এবং উত্তরপ্রদেশের বাসিন্দা রাধা (২৩) ও বাবিতা (২৩)। এর আগে, রবিবার টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন মূল অভিযুক্তকে রাজস্থানের কোটা থেকে মুম্বইয়ে আনা হয়। তাঁদের ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

ডেপুটি কমিশনার জানিয়েছেন, দীর্ঘক্ষণ ধরে প্রযুক্তিগত বিশ্লেষণ ও ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আগ্নেয়াস্ত্র সংগ্রহ এবং সরবরাহের সঙ্গে যুক্ত বৃহত্তর একটি চক্রের সন্ধান পেয়েছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিল্লি ও হরিয়ানা পুলিশের সহযোগিতায় একযোগে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। সেই অভিযানে চার জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন মহিলা রয়েছেন। এ ছাড়া হরিয়ানার সোনিপত থেকে আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

তদন্তকারীদের দাবি, গোটা ঘটনার পিছনে সুপরিকল্পিত ষড়যন্ত্রের যোগসূত্র উঠে আসছে। পুলিশের বক্তব্য, ধৃতদের মধ্যে দু’জন আগ্নেয়াস্ত্র সংগ্রহ করতে অমৃতসরে গিয়েছিলেন। এরপর দুই মহিলা ট্রেনে করে সেই আগ্নেয়াস্ত্র মুম্বইয়ে নিয়ে আসেন। সরাসরি হামলাকারীদের হাতে সেই আগ্নেয়াস্ত্র তুলে দেন।

ডেপুটি কমিশনার আরও জানিয়েছেন, সদ্য গ্রেফতার হওয়া পুরুষ অভিযুক্তদের মধ্যে একজন শুটারদের সঙ্গে মুম্বইয়েই থেকে গিয়েছিলেন। হামলার জন্য প্রয়োজনীয় রসদ ও স্থানীয় সহযোগিতা জোগানোর দায়িত্ব ছিল তাঁর উপর।

গত রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে দু’জন দুষ্কৃতী গুলি চালায়। এরপর মোটরবাইকে চেপে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এই ঘটনায় অভিনেতা অল্পের জন্য রক্ষা পান টাইগার। কিন্তু ঘটনায় তাঁর গাড়ির চালক এবং এক পথচারী গুরুতর জখম হন।

পুলিশের দাবি, পানিপথের বাসিন্দা ৩২ বছর বয়সি আমেরিকার গ্যাংস্টার অনিল পণ্ডিতের নির্দেশে কুণাল অমৃতসর থেকে একটি পিস্তল ও ২০ রাউন্ড গুলি সংগ্রহ করেছিলেন। অনিল পণ্ডিতের সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সেই সময় কুণালের সঙ্গে ছিলেন সুমিত। পরে রাধা ও বাবিতা ওই আগ্নেয়াস্ত্র নিয়ে মুম্বইয়ে পৌঁছোন বলে পুলিশ দাবি করেছে।

পুলিশ জানিয়েছে, গুলি চালানোর পিছনে প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-এক্সটরশন সেল এই ঘটনার তদন্ত করছে। ইতিমধ্যেই জুহু থানায় মামলা রুজু করা হয়েছে।


Share