Arrest Day Care staff

বেঙ্গালুরুর আইটি সংস্থার ডে-কেয়ারে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে ও বাথরুমে আটকে রেখে ভয় দেখানোর অভিযোগ, গ্রেফতার পাঁচ পরিচর্যাকারী

কয়েক দিন আগে হোয়াটসঅ্যাপে কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়, যেখানে শিশুদের সঙ্গে কর্মীদের দুর্ব্যবহারের দৃশ্য ধরা পড়ে। পরে সেই ভিডিয়োগুলি শিশু সহায়তা হেল্পলাইন এবং জেলা শিশু সুরক্ষা ইউনিটের কাছেও পৌঁছোয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বেঙ্গালুরু
  • শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০৭:০০

কর্নাটকের বেঙ্গালুরুতে একটি তথ্যপ্রযুক্তি সংস্থার ক্যাম্পাসে অবস্থিত ডে-কেয়ার সেন্টারে শিশুদের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিয়ো সামনে আসার পর তদন্তে নামে পুলিশ। অভিযোগের ভিত্তিতে ডে-কেয়ারের পাঁচ জন মহিলা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ দিকে, ডে-কেয়ারের এক প্রাক্তন কর্মীর দাবি, শিশুদের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি তিনি আগেই কর্তৃপক্ষের নজরে এনেছিলেন। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাঁকেই চাকরি থেকে বরখাস্ত করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর একটি জনপ্রিয় বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার পরিচালিত ডে-কেয়ার সেন্টারে কর্মীরা তাঁদের ছোট সন্তানদের রেখে অফিসে যেতেন। কয়েক দিন আগে হোয়াটসঅ্যাপে কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়, যেখানে শিশুদের সঙ্গে কর্মীদের দুর্ব্যবহারের দৃশ্য ধরা পড়ে। পরে সেই ভিডিয়োগুলি শিশু সহায়তা হেল্পলাইন এবং জেলা শিশু সুরক্ষা ইউনিটের কাছেও পৌঁছোয়। ভিডিয়োগুলি পর্যালোচনা করে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। সূত্রের দাবি, এই ঘটনার আগেই এক কর্মী সহকর্মীদের বিরুদ্ধে শিশুদের ওপর নির্যাতনের অভিযোগ কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। তবে অভিযোগের তদন্ত করার বদলে ওই কর্মীকেই চাকরি থেকে বরখাস্ত করা হয়। এরপরই তিনি ডে-কেয়ারে শিশুদের ওপর অত্যাচারের ভিডিও প্রকাশ্যে আনেন।

অভিযোগ অনুযায়ী, শিশুদের কান্নাকাটি বা দুষ্টুমি করলেই শাস্তির নামে চালানো হতো নৃশংস নির্যাতন। এফআইআরে দাবি করা হয়েছে, শিশুদের একটি ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনের ভিতরে বসিয়ে দরজা বন্ধ করে ভয় দেখানো হতো। পাশাপাশি, তাদের অন্ধকার বাথরুমে আটকে রাখা, দীর্ঘক্ষণ ওয়েস্টার্ন কমোডে বসিয়ে রাখা এবং টয়লেটের জেট স্প্রে দিয়ে মুখে জোর করে জল ছিটিয়ে চুপ করিয়ে দেওয়ার মতো অমানবিক আচরণও করা হতো বলে অভিযোগ। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে শিশুদের কান্নার শব্দ এবং পরিচর্যাকারীদের ভয় দেখানোর দৃশ্য ধরা পড়েছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনায় গ্রেফতার পাঁচ মহিলা পরিচর্যাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একইসঙ্গে ভাইরাল হওয়া ভিডিয়োগুলির সত্যতা যাচাই করে দেখা হচ্ছে। নির্যাতনের ঘটনাগুলি ঠিক কবে ঘটেছে এবং আরও কতজন শিশু একই ধরনের অত্যাচারের শিকার হয়েছে, তাও তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।

ঘটনার পর এক বিবৃতিতে বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থাটি জানিয়েছে, তাদের কর্মী ও তাঁদের পরিবারের নিরাপত্তা ও সুস্থতাই সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনার তদন্তে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বেঙ্গালুরুর ওই অন-ক্যাম্পাস ডে-কেয়ার সেন্টারটি আপাতত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ঘটনাটি সামনে আসতেই অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শিশু অধিকার কর্মীদের দাবি, কর্পোরেট ক্যাম্পাসে পরিচালিত ডে-কেয়ার কেন্দ্রগুলিতে আরও কঠোর নজরদারি, নিয়মিত পরিদর্শন এবং সিসিটিভি পর্যবেক্ষণ বাধ্যতামূলক করা হোক। বিশেষজ্ঞদের মতে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ডে-কেয়ার পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার করা জরুরি।


Share