IndiGo Flight

ইন্ডিগোর বিমানে অগ্নিকাণ্ড, আতঙ্কিত যাত্রীরা! হায়দরাবাদে জরুরি অবতরণ

পরিস্থিতি সামাল দিতে দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করেন কেবিন ক্রুরা। এর পরই বিমানটিকে ঘুরিয়ে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১০:৩০

দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি বিমানে আগুন লাগাকে কেন্দ্র করে রবিবার আতঙ্ক ছড়াল। বিমানের ভিতরে উপরের দিকে লাগেজ রাখার জায়গা থেকে আগুনের শিখা দেখা যায়। প্রাথমিকভাবে দাবি করা হচ্ছে, এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক থেকেই আগুনের সূত্রপাত। পরিস্থিতি সামাল দিতে দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করেন কেবিন ক্রুরা। এর পরই বিমানটিকে ঘুরিয়ে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। যাত্রী ও বিমানকর্মী-সহ সকলেই নিরাপদ রয়েছেন বলে খবর।

ইন্ডিগোর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লি থেকে চেন্নাইগামী 6E 6115 নম্বরের বিমানে এক যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরিস্থিতি বুঝে দ্রুত পদক্ষেপ করেন কেবিন ক্রুরা। নির্ধারিত সুরক্ষাবিধি মেনে পাইলটরা বিমানটিকে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান।

এই অনভিপ্রেত ঘটনার জেরে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে বিমান সংস্থাটি। ইন্ডিগোর বিবৃতিতে বলা হয়েছে, যাত্রীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। তাঁদের জন্য জলখাবারের ব্যবস্থা করা হচ্ছে এবং পরিস্থিতি সম্পর্কে নিয়মিত সর্বশেষ তথ্য জানানো হচ্ছে। সংস্থার দাবি, যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

এ দিকে, বিমানের এক যাত্রীর মোবাইলে রেকর্ড করা ঘটনার ভিডিয়ো সামনে এসেছে। সেখানে বিমানের উপরের দিকের লাগেজ রাখার জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। আগুন নেভানোর জন্য কয়েক জন যাত্রীকে ব্যাগ দিয়ে চেষ্টা করতেও দেখা গিয়েছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।


Share