Delhi North Block Fire

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর থাকা নর্থ ব্লকে আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা, আতঙ্ক দিল্লিতে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর থাকা দিল্লির নর্থ ব্লকে আগুন, ছ’টি দমকলের ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

দিল্লির নর্থ ব্লকে আগুন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১২:৩৩

দিল্লির গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন নর্থ ব্লকে আগুন। অগ্নিকাণ্ডের পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার, ২৬ অক্টোবর সকালে ওই ভবন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। নর্থ ব্লকেই রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর এবং অর্থ মন্ত্রক। ফলে এই ঘটনায় গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তবে কী কারণে আগুন লাগল, তা স্পষ্ট নয়।

খবর পেয়ে দমকলের ছ’টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। তবে অগ্নিকাণ্ডের জেরে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নর্থ ব্লকের ছাদে সংস্কারের কাজ চলছিল। সেই কাজের জন্য সেখানে কয়েক জন শ্রমিকও উপস্থিত ছিলেন। আচমকাই ছাদে থাকা পুরনো প্লাস্টিকের জলের ট্যাঙ্কে আগুন ধরে যায়। আগুন লাগার পর শ্রমিকরাই প্রথমে তা নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ইঞ্জিনগুলি।

নর্থ ব্লক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন। সেখানে একাধিক কেন্দ্রীয় মন্ত্রকের দফতর থাকায় অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ে। বিশেষ করে ভবন থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসার দৃশ্য নজরে আসে অনেকের।

ছাদের প্লাস্টিকের জলের ট্যাঙ্কে আগুন লাগার কথা জানা গেলেও, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।


Share