Fire Incident

ভোররাতে বিহারের মুজাফফরপুরে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, বিষাক্ত ধোঁয়ায় মৃত তিন, আহত একাধিক

বৃহস্পতিবার ভোররাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি ২০ জনেরও বেশি রোগীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

অগ্নিকাণ্ডের স্থলে দমকলের ইঞ্জিন
নিজস্ব সংবাদদাতা, বিহার
  • শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১০:৫৮

দিল্লির মালব্য নগরের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই বিহারের মুজাফফরপুরে একটি বেসরকারি হাসপাতালে ভয়ঙ্কর অগ্নিকান্ড। বৃহস্পতিবার ভোররাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি ২০ জনেরও বেশি রোগীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোর প্রায় তিনটে নাগাদ হাসপাতালের আইসিইউ-সহ একাধিক অংশে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, অক্সিজেন ইউনিট অথবা মনিটরিং ব্যবস্থায় শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। অল্প সময়ের মধ্যেই ঘন বিষাক্ত ধোঁয়ায় আইসিইউ ও আশপাশের এলাকা ঢেকে যায়, ফলে রোগীদের উদ্ধারকাজ কঠিন হয়ে ওঠে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় এক ডজনেরও বেশি দমকলের ইঞ্জিন। জানালার কাঁচ ও দরজা ভেঙে দমকল কর্মীরা একের পর এক রোগীকে উদ্ধার করেন। এই ঘটনায় হাসপাতালের আইসিইউ ইন-চার্জও গুরুতর আহত হয়েছেন। তাঁকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মুজাফফরপুরের জেলাশাসক সুব্রত কুমার সেন জানিয়েছেন, এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উদ্ধার হওয়া রোগীদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে।

এ দিকে, অগ্নিকাণ্ডের পর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। মৃত ও নিখোঁজ রোগীদের পরিবারের সদস্যদের দাবি, আগুন লাগার সময় হাসপাতালের অনেক কর্মী রোগীদের ফেলে সেখান থেকে চলে যান। বহু পরিবার এখনও তাঁদের পরিজনদের খোঁজ পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন। মৃতদেহ হস্তান্তর নিয়েও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি নিখোঁজ রোগীদের তালিকা যাচাই এবং তাঁদের সন্ধানে তৎপরতা চালানো হচ্ছে।


Share