Murder Case

তেলেঙ্গানায় যমজ কন্যাকে কীটনাশক খাইয়ে কুয়োয় ফেলনেন বাবা, গ্রেফতার অভিযুক্ত

তেলেঙ্গানার করিমনগরে পুত্রসন্তানের আকাঙ্ক্ষা থেকে নিজের যমজ কন্যাকে খুন করার অভিযোগ উঠল এক বাবার বিরুদ্ধে। কীটনাশক খাইয়ে কুয়োয় ফেলে দেওয়ার ঘটনায় মৃত্যু হয় দুই শিশুর।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, তেলেঙ্গানা
  • শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ০৮:১৬

আধুনিক সমাজে দাঁড়িয়েও অমানবিক মানসিকতার পরিচয় সামনে এসেছে। দুই যমজ কন্যা সন্তানকে খুন করলেন বাবা। তেলেঙ্গানার করিমনগর জেলায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় স্তম্ভিত স্থানীয় মানুষজন।

কাচ্ছু শ্রীশৈলম নামে এক ব্যক্তি বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি পেশায় একজন বেসরকারি সংস্থার কর্মী। প্রায় ছ’বছর আগে তাঁর বিয়ে হয়। দম্পতির দুই যমজ কন্যাসন্তানের জন্ম হয়। তাদের নাম গীতাংশি ও গীতান্বিকা। কিন্তু কন্যাসন্তান হওয়ায় তিনি সন্তুষ্ট ছিলেন না বলেই জানা গিয়েছে। পরিবার সূত্রে খবর, তাঁর পুত্র সন্তানের ইচ্ছা ছিল। কিন্তু সেই ইচ্ছা পূরণ না হওয়াকে কেন্দ্র করে প্রায়ই স্ত্রীর সঙ্গে তাঁর অশান্তি লেগে থাকত।

গত শুক্রবারও একই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বচসা বাধে। অভিযোগ, সেই বিবাদের জেরেই শ্রীশৈলম এমন পদক্ষেপ নেন। তিনি জোর করে দুই শিশুকে কীটনাশক খাইয়ে দেন। পরে তাদের একটি কুয়োর মধ্যে ফেলে দেন। ঘটনাস্থলেই দুই কন্যার মৃত্যু হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন।অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর করা হয়। তারপরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে পুলিশ কুয়ো থেকে দুই শিশুর দেহ উদ্ধার করে।

 করিমনগর রুরাল সার্কেলের ইন্সপেক্টর এ. নিরঞ্জন রেড্ডি জানিয়েছেন, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি ক্ষোভও তীব্র আকার ধারণ করেছে।


Share