Middle East Conflict

হরমুজে বিস্ফোরণ, সক্রিয় ইরানের এয়ার ডিফেন্স, মার্কিন অভিযানে নতুন করে যুদ্ধের আশঙ্কা

কূটনৈতিক স্তরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, নতুন কোনও পদক্ষেপের আগে কূটনৈতিক সমাধানের সব পথ খতিয়ে দেখতে চায় ওয়াশিংটন।

ক্ষেপণাস্ত্র হামলা
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ০৪:০৪

সমঝোতা নিয়ে অনিশ্চয়তার আবহেই ফের ইরানে হামলা চালাল মার্কিন বাহিনী। সোমবার রাতে দক্ষিণ ইরানের হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় অভিযান চালায় আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। মার্কিন বাহিনীর দাবি, আত্মরক্ষার স্বার্থেই এই হামলা চালানো হয়েছে। যদিও দক্ষিণ ইরানের ঠিক কোন এলাকায় হামলা হয়েছে, তা স্পষ্ট করে জানানো হয়নি। তবে তার কিছুক্ষণ আগেই বন্দর আব্বাস শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বর্তমানে আমেরিকা ও ইরানের মধ্যে সংঘর্ষবিরতি কার্যকর রয়েছে। কূটনৈতিক স্তরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, নতুন কোনও পদক্ষেপের আগে কূটনৈতিক সমাধানের সব পথ খতিয়ে দেখতে চায় ওয়াশিংটন। কিন্তু সেই পরিস্থিতির মধ্যেই সোমবার রাতে দক্ষিণ ইরানের বন্দর আব্বাসে পরপর বিস্ফোরণের খবর সামনে আসে। পরে মার্কিন সেনার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তারা জানায়, আত্মরক্ষার উদ্দেশ্যে দক্ষিণ ইরানে হামলা চালানো হয়েছে।

দক্ষিণ ইরানের হরমুজ প্রণালীর ধারে অবস্থিত বন্দর আব্বাস শহরটি তেহরানের কাছে অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ। ইরানের নৌ ও বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে সেখানে। হরমুজ় সংলগ্ন বিস্ফোরণ প্রসঙ্গে সিএনএন-কে দেওয়া বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিমোথি হকিন্স বলেন, “ইরানি বাহিনীর থেকে আমাদের সেনাকে রক্ষা করার জন্য দক্ষিণ ইরানে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে আমেরিকার বাহিনী। আমাদের নিশানা ছিল (ইরানের) ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং (হরমুজ় প্রণালীতে) মাইন পাতার চেষ্টা করা কিছু ইরানি নৌকা।”

মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, সংঘর্ষবিরতি বজায় রেখেই সংযমের সঙ্গে নিজেদের বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তবে এই প্রথম নয়, সংঘর্ষবিরতির মাঝেও অতীতে একাধিক বার আমেরিকা ও ইরানি বাহিনীর মধ্যে উত্তেজনা এবং গোলাগুলির ঘটনা ঘটেছে। চলতি মাসের শুরুতেই আমেরিকা অভিযোগ করেছিল, তাদের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ‘উস্কানিমূলক’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তার জবাবে ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায় মার্কিন বাহিনী। হরমুজের আশপাশে ইরানের ‘উস্কানিমূলক’ পদক্ষেপের বিরুদ্ধে আগেই কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প।

এদিকে মঙ্গলবার ভোরে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, বন্দর আব্বাসে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। যদিও বিস্ফোরণের কারণ নিয়ে প্রথমে কিছু জানানো হয়নি। পরে আইআরজিসি আরও একটি বিবৃতি দিয়ে জানায়, বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরণ ঘটেছে এবং সম্ভাব্য শত্রু আক্রমণ প্রতিহত করতে শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।


Share