Hariyana Shootout

ফরিদাবাদে শ্যুটআউট! পার্কিং লটে প্রাক্তন টেক মাহিন্দ্রা সংস্থার কর্তাকে খুন, চলে নয় রাউন্ড গুলি, পলাতক অভিযুক্তরা

ঘটনার পর পরিবারের সদস্যদের নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত মনু শর্মা। পরমজিতের ছেলে শৌর্য‍ পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার হয়েছে।

মৃতের নাম পরমজিৎ সিংহ।
নিজস্ব সংবাদদাতা, ফরিদাবাদ
  • শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৬ ০৪:৫৩

হরিয়ানার ফরিদাবাদে শ্যুটআউট। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল টেক মাহিন্দ্রা সংস্থার প্রাক্তন কর্তার। তিনি ওই সংস্থার এশিয়াপ প্রধান পদে কর্মরত ছিলেন। মৃতের নাম পরমজিৎ ধনখড়ের। অভিযোগ, শুক্রবার রাতে তাঁর প্রতিবেশী মনু শর্মা নিজের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল থেকে তাঁকে লক্ষ্য করে প্রায় ১৫ রাউন্ড গুলি চালান। এর মধ্যে ৯টি গুলি লাগে পরমজিৎের শরীরে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্কিং লটে পোষ্য কুকুরের মলত্যাগ এবং গাড়ি রাখা নিয়ে অভিযুক্ত প্রতিবেশীর সাথে পরমজিতের পরিবারের মধ্যে অনেক দিন ধরেই বিবাদ ছিল। শুক্রবার রাতে জিম থেকে ফিরে পরমজিৎ নিজের নির্দিষ্ট পার্কিংয়ের জায়গা থেকে গাড়ি সরাতে মনুকে বলেন। অভিযোগ, সেই সময়ই মনু তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালান।

ঘটনার পর পরিবারের সদস্যদের নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত মনু শর্মা। পরমজিতের ছেলে শৌর্য‍ পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার হয়েছে। পরমজিতের দেহ ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।

সেক্টর ২১সি-র ৬৪১ নম্বর বাড়ির প্রথম তলে পরমজিৎ ধনখড় পরিবারকে সঙ্গে নিয়ে থাকত। অভিযুক্ত মনুর পরিবার থাকত ওই বাড়ির তৃতীয় তলায়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, চার-পাঁচ দিন আগেও মনু শর্মা এবং শৌর্য ধনখড়ের মধ্যে ঝামেলা হয়েছিল। যদিও পরে বিষয়টি মিটে যায়। সূরজকুণ্ড থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রহ্লাদের বক্তব্য, পরমজিতে ছেলে শৌর্যের অভিযোগের ভিত্তিতে মনু শর্মা ওরফে মোহন, তাঁর স্ত্রী দিব্যা, ছেলে ময়ঙ্ক, মেয়ে নয়না এবং ভাই হেতরামের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

উল্লেখ্য, পরমজিৎ কর্মসূত্রে সিঙ্গাপুরে থাকতেন। গত ৫ নভেম্বর ভারতে এসেছিলেন পরমজিৎ। আগামী ২৪ নভেম্বর তাঁর ভাইপোর বিয়েতে যোগ দেওয়ার কথা ছিল বলে জানা গিয়েছে। কিন্তু তার আগেই তাঁর মর্মান্তিক পরিণতি হল।


Share