IndiGo Flight

আকাশে উড়তেই ইঞ্জিনে বিপত্তি, ১৪ হাজার ফুট উচ্চতা থেকে জরুরি অবতরণ! দিল্লিগামী ইন্ডিগোর বিমান ঘুরে ফিরল গোয়ায়

পরিস্থিতি বুঝে দ্রুত বিমানের গোয়া বিমানবন্দরের দিকে অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়। বিমানটিকে প্রায় ১৪ হাজার ফুট উচ্চতা থেকে জরুরি অবতরণ করানো হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৫৬

গোয়া থেকে দিল্লির উদ্দেশ্যে উড়েছিল ইন্ডিগোর বিমান। আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। পরিস্থিতি বুঝে দ্রুত বিমানের গোয়া বিমানবন্দরের দিকে অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়। বিমানটিকে প্রায় ১৪ হাজার ফুট উচ্চতা থেকে জরুরি অবতরণ করানো হয়।

মঙ্গলবার সকাল ন'টা ১৬ মিনিটে গোয়া বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয় ইন্ডিগোর ৬ই ২১০২ উড়ানটি। উড়ানের কিছুক্ষণ পরেই ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। গোয়া বিমানবন্দর সূত্রে ‘ইন্ডিয়া টুডে’-কে জানানো হয়েছে, সকাল সাড়ে ন'টা নাগাদ বিমানটির জন্য জরুরি পরিস্থিতি ঘোষণা করে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)। এর ফলে ওই বিমানটিকে অগ্রাধিকার দিয়ে অবতরণের সুযোগ দেওয়া হয়। সূত্রের খবর, সকাল ন'টা ৫১ মিনিটে নিরাপদে গোয়া বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করে বিমানটি। বিমানে থাকা সমস্ত যাত্রীও নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।

‘ফ্লাইটর‌্যাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, বিমানটি মহারাষ্ট্রের দক্ষিণ ভাগের উপকূলের উপর দিয়ে দিল্লির দিকে যাচ্ছিল। সেখান থেকেই বিমানটি আবার ফিরে আসে। বিমানের অভিমুখ ঘোরানোর সময়ে সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার ফুট উঁচুতে ছিল।

বিমানটির ইঞ্জিনে ঠিক কী ধরনের ত্রুটি দেখা দিয়েছিল, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য মেলেনি। বিমানটি পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর সাড়ে তিনটে নাগাদ ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ বিষয়ে উড়ান সংস্থার তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।


Share