Bomb Thread

নিশানায় হাই কোর্ট, বিমানবন্দর-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থান, স্বাধীনতা দিবসের আগেই দিল্লিতে বিস্ফোরণের হুমকি ইমেলে, উল্লেখ খলিস্তানের নাম

সূত্রের দাবি, সকাল ১১টা ৪৩ মিনিটে পাঠানো ওই ইমেলে ১৫ অগস্টের কথা উল্লেখ করে লেখা হয়, ‘‘লালকেল্লাকে নিশানা করা হবে।’’

দিল্লির লালকেল্লার সামনে চলছে কুচকাওয়াজ।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৪ আগস্ট ২০২৬ ০৩:৫৩

স্বাধীনতা দিবসের আগের দিনই দিল্লিতে বিস্ফোরণের হুমকিবার্তা ঘিরে চাঞ্চল্য ছড়াল। সূত্রের খবর, শুক্রবার স্বাধীনতা দিবসের আগে দিল্লি হাই কোর্ট, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-সহ রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। দিল্লি হাই কোর্টে পাঠানো ইমেলে লালকেল্লাকে নিশানা করার কথাও উল্লেখ করা হয়েছে। হুমকিবার্তা পাওয়ার পরই সংশ্লিষ্ট এলাকাগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এমনিতেই রাজধানী জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয় নজরদারি। এর মধ্যেই শুক্রবার সকালে দিল্লি হাই কোর্টে আসে হুমকির ইমেল। সূত্রের দাবি, সকাল ১১টা ৪৩ মিনিটে পাঠানো ওই ইমেলে ১৫ অগস্টের কথা উল্লেখ করে লেখা হয়, ‘‘লালকেল্লাকে নিশানা করা হবে।’’

সূত্রের খবর, ওই ইমেলে আরও দাবি করা হয়েছে, বোমা বিস্ফোরণের জন্য যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁরা সকলেই খাকি পোশাকে থাকবেন। হুমকিবার্তা পাওয়ার পরই দিল্লি হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। দ্রুত আদালত চত্বরের নিরাপত্তা বাড়ানো হয়। ঘটনাস্থলে পৌঁছোয় বম্ব স্কোয়াড। তল্লাশি শুরু হয়। তবে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। সূত্রের আরও দাবি, ওই হুমকির ইমেলে ‘খলিস্তান’-এর নামও উল্লেখ করা হয়েছে। ফলে বিষয়টি নিয়ে আরও সতর্ক হয়েছে নিরাপত্তা সংস্থাগুলি।

উল্লেখ্য, সম্প্রতি দিল্লি থেকে ‘পাক-সমর্থিত’ শাহজাদ ভট্টী মডিউলের নয় জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার হয়। তদন্তে উঠে আসে, দিল্লির একটি প্রসিদ্ধ মন্দির এবং হরিয়ানার একটি সেনাছাউনিতে হামলার ছক ছিল ওই মডিউলের। এরপর থেকেই জঙ্গি মডিউলের সম্ভাব্য স্লিপার সেলগুলির সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে দিল্লি পুলিশের সন্ত্রাসদমন শাখা।

এর মধ্যেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বিস্ফোরণের হুমকিবার্তা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।


Share