Election Commission

হরিয়ানা বিধানসভা ও মুম্বই উত্তর কেন্দ্রে ভোটের হিসাব নিয়ে কারচুপির অভিযোগ খারিজ, পরিসংখ্যান তুলে ধরে যাবতীয় বিভ্রান্তি দূর করল নির্বাচন কমিশন

কমিশনের দাবি, ইভিএমে পড়া ভোট এবং গণনা হওয়া ভোটের মধ্যে বিশাল ব্যবধানের যে অভিযোগ ছড়ানো হচ্ছে, তার কোনও ভিত্তি নেই। মূলত মোট ভোটারের সংখ্যা এবং প্রকৃত ভোটদানের সংখ্যাকে গুলিয়ে ফেলার কারণেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে।

নির্বাচন কমিশন।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৬ ০২:২৩

২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচন এবং মুম্বই উত্তর লোকসভা কেন্দ্রে ভোটদান ও ভোট গণনায় ব্যাপক গরমিলের যে অভিযোগ উঠেছিল, তা খারিজ করে দিল ভারতের নির্বাচন কমিশন। কমিশনের দাবি, ইভিএমে পড়া ভোট এবং গণনা হওয়া ভোটের মধ্যে বিশাল ব্যবধানের যে অভিযোগ ছড়ানো হচ্ছে, তার কোনও ভিত্তি নেই। মূলত মোট ভোটারের সংখ্যা এবং প্রকৃত ভোটদানের সংখ্যাকে গুলিয়ে ফেলার কারণেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে। কমিশন সূত্রে দাবি, সরকারি নথি ও পরিসংখ্যান খতিয়ে দেখলেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়।

হরিয়ানার একাধিক বিধানসভা কেন্দ্রের পরিসংখ্যান তুলে ধরে কমিশন নিজেদের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বদখল বিধানসভা কেন্দ্রে মোট ৩ লক্ষ ৩২ হাজার ২৫৩ জন ভোটার ছিলেন। সেখানে ভোট দিয়েছেন ১ লক্ষ ৬০ হাজার ৫৫৩ জন, অর্থাৎ ভোটদানের হার ছিল ৪৮.৩২ শতাংশ। পোস্টাল ভোট, বাতিল ইভিএম ভোট এবং নোটা বাদ দেওয়ার পর বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ১ লক্ষ ৫৮ হাজার ৪৭৫। অথচ এই কেন্দ্রে ৩ লক্ষ ৩২ হাজারের বেশি ভোট পড়েছে বলে যে দাবি করা হয়েছিল, সেটি আসলে মোট ভোটারের সংখ্যা।

একই ধরনের বিভ্রান্তির উদাহরণ হিসেবে নির্বাচন কমিশন এলনাবাদ, গুরুগ্রাম, বাদশাপুর এবং কালকা বিধানসভা কেন্দ্রের পরিসংখ্যানও তুলে ধরেছে। এলনাবাদে মোট ১ লক্ষ ৯৫ হাজার ৮৬৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছিলেন ১ লক্ষ ৫৮ হাজার ৭০৭ জন। গুরুগ্রামে ৪ লক্ষ ৪৩ হাজার ৫৯৩ জন ভোটারের মধ্যে ভোট পড়ে ২ লক্ষ ৩০ হাজার ১৪৭টি। বাদশাপুরে ৫ লক্ষ ২১ হাজার ৯৬৯ জন ভোটারের মধ্যে ভোট দেন ২ লক্ষ ৮৩ হাজার ১৩১ জন। অন্য দিকে, কালকা কেন্দ্রে ২ লক্ষ ২ হাজার ৩৯৪ জন ভোটারের মধ্যে ভোটদানের সংখ্যা ছিল ১ লক্ষ ৪৫ হাজার ৯৬১। কমিশনের বক্তব্য, প্রতিটি ক্ষেত্রেই মোট ভোটার এবং প্রকৃত ভোটদানের সংখ্যার মধ্যে পার্থক্য রয়েছে। সেই বিষয়টি উপেক্ষা করেই কারচুপির অভিযোগ তোলা হচ্ছে।

হরিয়ানার পাশাপাশি মহারাষ্ট্রের মুম্বই উত্তর লোকসভা কেন্দ্রের ভোট নিয়েও ওঠা অভিযোগের জবাব দিয়েছে কমিশন। অভিযোগ ছিল, ওই কেন্দ্রে ১৮.১১ লক্ষ ভোট পড়লেও ফলাফলে মাত্র ১০.৩৩ লক্ষ ভোটের হিসাব দেখানো হয়েছে। অর্থাৎ প্রায় ৭.৭৮ লক্ষ ভোট গণনা করা হয়নি বলে দাবি করা হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য, এই অভিযোগও ভুল তথ্যের উপর ভিত্তি করে তৈরি। মুম্বই উত্তর কেন্দ্রে মোট ভোটার ছিলেন প্রায় ১৮.১২ লক্ষ। তাঁদের মধ্যে ভোট দিয়েছিলেন ১০.৩৩ লক্ষ মানুষ, যা মোট ভোটারের প্রায় ৫৭ শতাংশ। নোটা এবং বাতিল ভোট বাদ দিলে বৈধ ভোটের সংখ্যা প্রকৃত ভোটদানের হিসাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে ভোটদান ও গণনার মধ্যে কোনও অস্বাভাবিক ফারাক নেই বলেই দাবি কমিশনের।

পুরো হরিয়ানার পরিসংখ্যানও সামনে এনেছে নির্বাচন কমিশন। রাজ্যে মোট ভোটার ছিলেন ২ কোটি ৪ লক্ষ ৬৩ হাজার ৮৪১ জন। তাঁদের মধ্যে ভোট দিয়েছিলেন ১ কোটি ৩৯ লক্ষ ১৩ হাজার ৮৭৯ জন। সামগ্রিক ভোটদানের হার ছিল ৬৭.৯৯ শতাংশ। বাতিল ভোট এবং নোটা বাদ দেওয়ার পর বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ১ কোটি ৩৮ লক্ষ ৩৭ হাজার ৯৮০। কমিশন জানিয়েছে, রিটার্নিং অফিসারদের জমা দেওয়া সরকারি রিটার্ন থেকেই এই তথ্য সংগ্রহ করা হয়েছে।

কমিশন সূত্রের ব্যাখ্যা, বুথে উপস্থিত হয়েও ভোট না দেওয়া ভোটার, বাতিল পোস্টাল ব্যালট এবং টেস্ট ভোটের মতো একাধিক কারণে মোট ভোটদানের সংখ্যা ও চূড়ান্ত বৈধ ভোটের মধ্যে সামান্য পার্থক্য থাকতে পারে। তবে বড় ধরনের কোনও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ‘কনডাক্ট অফ ইলেকশন রুলস’ অনুযায়ী আইনি তদন্ত বাধ্যতামূলক। হরিয়ানার ক্ষেত্রে তেমন কোনও তদন্তের প্রয়োজন হয়নি বলেই জানিয়েছে কমিশন। তাদের বক্তব্য, ভোটের প্রকৃত হিসাব যাচাইয়ের ক্ষেত্রে ফর্ম ১৭সি এবং বুথভিত্তিক প্রাথমিক নথিই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল। সমস্ত বিধানসভা কেন্দ্রের তথ্যও সরকারি চ্যানেলে যাচাইয়ের জন্য উন্মুক্ত রয়েছে।


Share