Accident

পুজো দিয়ে ফেরার পথে কুয়োয় পড়ল পিকআপ ভ্যান, চার শিশু-সহ আট জনের মৃত্যু, আর্থিক সহায়তার ঘোষণা কেন্দ্র-রাজ্যের

পাশাপাশি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশও।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মহরাষ্ট্র
  • শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ০১:৩০

মহারাষ্ট্রের সোলাপুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত আট তীর্থযাত্রীর পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মৃতদের প্রত্যেকের পরিবারকে দু'লক্ষ টাকা এবং আহত সাত জনকে ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশও। তিনি মৃতদের পরিবারপিছু পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন।

রবিবার সন্ধ্যায় সোলাপুর জেলার তান্ডুলওয়াড়ি গ্রামে তীর্থযাত্রীদের বহনকারী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি কুয়োয় পড়ে যায়। ভ্যানে মোট ১৫ জন যাত্রী ছিলেন। তাঁরা পান্ধারপুরের রাঞ্জানি এলাকার বাসিন্দা এবং স্থানীয় সিদ্ধনাথ মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। নিহতদের মধ্যে চার জন মহিলা ও চার জন শিশু রয়েছে।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। ক্রেনের সাহায্যে কুয়ো থেকে পিকআপ ভ্যানটি তোলা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযানে স্থানীয় বাসিন্দারাও সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, গত কয়েক মাসে রাস্তার ধারের কুয়োয় গাড়ি পড়ে এটি তৃতীয় বড় দুর্ঘটনা।

এর আগে ২০২৫ সালের এপ্রিলে নানদেদ জেলার আলেগাঁও এলাকায় সাত জন মহিলা দিনমজুরকে নিয়ে যাওয়া একটি ট্র্যাক্টর-ট্রলি রাস্তার ধারের কুয়োয় পড়ে যায়। শ্রমিকরা হিঙ্গোলি জেলার গুঞ্জগাঁও এলাকায় যাচ্ছিলেন।

এছাড়া চলতি বছরের মে মাসে দিনদোরি এলাকায় একই পরিবারের নয় জন সদস্যকে বহনকারী একটি গাড়ি বাড়ি ফেরার পথে কুয়োয় পড়ে যায়। ওই দুর্ঘটনায় ছয় শিশুসহ পরিবারের সকলের মৃত্যু হয়েছিল।


Share