I-PAC

রাজ‍্য পুলিশে ভরসা নেই, আইপ‍্যাক মামলায় সিবিআই তদন্ত চায় ইডি, বিরোধীতায় তৃণমূল

এর পরেই ইডির আইনজীবী এসভি রাজু জানান, স্থানীয় পুলিশের ওপরে তাঁদের আস্থা নেই। তাই এই মামলায় সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, দু’পক্ষের সওয়াল শুনে এই মামলায় নির্দেশ দেওয়া হবে। আগামী ২ সেপ্টেম্বর এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

আইপ‍্যাক মামলায় সিবিআই তদন্ত চায় ইডি, বিরোধীতায় তৃণমূল
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ আগস্ট ২০২৬ ১০:০০

পালাবদলের পরেও রাজ‍্য পুলিশের ওপর ভরসা নেই। আইপ‍্যাক কান্ডে ইডির তল্লাশি অভিযানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগের তদন্তে সিবিআই তদন্ত চায় ইডি। সুপ্রিম কোর্ট পছন্দের তদন্তকারী সংস্থাকে বাছাইয়ের বিষয়টি রাজ‍্য সরকারের ওপরে ছেড়ে দেওয়া যায় কি না তা জানতে চাইলে ইডি তাতে সম্মতি দেয়নি।

গত জানুয়ারি মাসের ঘটনার তদন্তভার সিবিআই দিতে দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিচারপতি প্রশান্ত মিশ্র এবং এনভি অঞ্জরিয়ার বেঞ্চে মামলার শুনানি হয়েছে। মঙ্গলবার মমতার আইনজীবী মেনকা গুরুস্বামী জানান, রাজ‍্যে সরকার পরিবর্তন হয়েছে। তাই পুলিশ দিয়ে তদন্ত করতে আর আপত্তি থাকার কথা নয়। কে তদন্ত করবে তা রাজ‍্য সরকার ঠিক করুক। এ ক্ষেত্রে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের প্রয়োজন নেই।

এর পরেই বিচারপতি মিশ্র বলেন, “তা হলে আমরা বিষয়টি রাজ্য সরকারের ওপরে ছেড়ে দিচ্ছি। তাঁরা ঠিক করুক পুলিশ না সিবিআইকে দিয়ে তদন্ত করাবে। পছন্দের তদন্তকারী আধিকারিক বাছাইয়ের বিষয়টি রাজ‍্যের ওপরেই ছেড়ে দিচ্ছি।” যদিও কেন্দ্রীয় সংস্থা আদালতের এই প্রস্তাবে রাজি হয়নি। তিনি মামলার বিষয়বস্তু নিয়ে শুনানি চান। ইডির আইনজীবী এসভি রাজুর বক্তব্য, কর্মরত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে সেই ঘটনার তদন্ত পুলিশ না সিবিআই করবে তা-ই এই মামলার মূল প্রশ্ন। তা আদালতই স্পষ্ট করে দিক। এর প্রেক্ষিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যে মামলার তদন্ত সিবিআইকে দেওয়া হচ্ছে তা যেন কেউ বলতে না পারে। তাই শীর্ষ আদালত মামলাটি শুনে নির্দেশ দিক। কে তদন্ত করবে সেই বিষয়ে নির্দেশ দিক। তখন মেনকা গুরুস্বামী বলেন, “তা হলে আমরাও ইডির মামলার গ্রহণযোগ্যতা নিয়ে সওয়াল করব।”

এর পরে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানায়, মামলার গ্রহণযোগ্যতা এবং মূল বিষয় আলাদা করে দেখা হবে না। আইনজীবী গুরুস্বামী বলেন, “রিট পিটিশন করে সুপ্রিম কোর্ট থেকে এফআইআরের নির্দেশ চাওয়া আইন সম্মত নয়। এই সংক্রান্ত একাধিক রায় রয়েছে। সরকার গঠন হয়েছে তার চার মাস কেটে গিয়েছে। প্রয়োজন হলে রাজ্য সরকার নিজেই এফআইআর দায়ের করতে পারত।”

এর পরেই ইডির আইনজীবী এসভি রাজু জানান, স্থানীয় পুলিশের ওপরে তাঁদের আস্থা নেই। তাই এই মামলায় সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, দু’পক্ষের সওয়াল শুনে এই মামলায় নির্দেশ দেওয়া হবে। আগামী ২ সেপ্টেম্বর এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।


Share