Amarnath Yatra

অমরনাথ যাত্রায় ব্রেক! ভগবতীনগর বেস ক্যাম্প থেকে যাত্রী পাঠানো বন্ধ, ৩৭০-র বর্ষপূর্তিতে হাই অ্যালার্ট উপত্যকা

যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। পাশাপাশি, সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ বিলোপের সপ্তম বর্ষপূর্তিকে ঘিরেও জম্মু ও কাশ্মীর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, অমরনাথ
  • শেষ আপডেট: ০৫ আগস্ট ২০২৬ ১০:২১

নিরাপত্তাজনিত আশঙ্কায় আচমকাই স্থগিত করা হল অমরনাথ যাত্রা। প্রশাসনিক সূত্রের খবর, বুধবার জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের রওনা দেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। জঙ্গি হামলার সম্ভাবনার কথা মাথায় রেখেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। পাশাপাশি, সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ বিলোপের সপ্তম বর্ষপূর্তিকে ঘিরেও জম্মু ও কাশ্মীর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে নতুন করে কোনও তীর্থযাত্রীর দলকে পহেলগাম বা বালতাল রুটে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়কেও সেনাবাহিনী ও প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় যানবাহন ছাড়া অন্য যান চলাচলে কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। পুরো দেশের সঙ্গে কাশ্মীর উপত্যকার প্রধান সংযোগকারী এই সড়ককে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের অমরনাথ যাত্রায় এখনও পর্যন্ত চার লক্ষ ৬০ হাজারেরও বেশি পুণ্যার্থী পবিত্র গুহা দর্শন করেছেন। গত ৩ জুলাই শুরু হওয়া এই তীর্থযাত্রা আগামী ২৮ অগস্ট পর্যন্ত চলার কথা ছিল। তবে নিরাপত্তাজনিত পরিস্থিতির কথা বিবেচনা করে নির্ধারিত সময়ের আগেই যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Share