Delhi Building Collapse

সীমাপুরীতে পাঁচতলা বাড়ি ভেঙে বিপর্যয়, দুই শিশু-সহ মৃত ৩, রাতভর ধ্বংসস্তূপে উদ্ধারকাজ

সীমাপুরীতে পাঁচতলা বাড়ি ভেঙে মৃত্যু ৩ জনের, মৃতদের মধ্যে দুই শিশু ও চার মাসের অন্তঃসত্ত্বা ২১ বছরের মহিলা। আহত ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা।

দিল্লির সীমাপুরীতে পাঁচতলা বাড়ি ধসে পড়ার পর ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাচ্ছেন NDRF ও উদ্ধারকারী দলের সদস্যরা। ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, আহত ৮।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ১২:৫০

দিল্লির সীমাপুরীতে পাঁচতলা বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশু। মৃত্যু হয়েছে গুলাফসা নামে ২১ বছরের এক অন্তঃসত্ত্বা মহিলারও। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বুধবার দুপুরে উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরী এলাকায় আচমকাই ভেঙে পড়ে ওই বহুতল। ঘটনায় এখনও পর্যন্ত আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য তাহিরপুরের রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

বাড়িটি ভেঙে পড়ার পরই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে বিভিন্ন সংস্থা। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েক জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে রাত পর্যন্ত জোরকদমে চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। উদ্ধার অভিযানে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা NDRF-কেও।

উত্তর-পূর্ব দিল্লির ডিসিপি রাজেন্দ্র প্রসাদ মীনা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে ঠিক কত জন আটকে রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। তবে আটকে থাকা ব্যক্তিদের দ্রুত উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। উদ্ধারকাজ যত এগোবে, ততই পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন আধিকারিকরা।

এই দুর্ঘটনার জেরে সীমাপুরী এলাকায় যান চলাচলেও নিয়ন্ত্রণ জারি করেছে দিল্লি পুলিশ। আপাতত ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ। সীমাপুরী গোল চক্কর, ডিএলএফ ভোপুরা এবং সংলগ্ন রাস্তাগুলিতে যান চলাচল ব্যাহত হয়েছে। অ্যাম্বুল্যান্স এবং উদ্ধারকারী গাড়িগুলির দ্রুত যাতায়াত নিশ্চিত করতে ওই এলাকার রাস্তা ফাঁকা রাখার আবেদন জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসেই দিল্লির চাণক্যপুরীতে একটি ছাত্রাবাস ভেঙে পড়ে। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ৭ জনের। এরপর উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল দিল্লি সরকার। সেই ঘটনার রেশ কাটার আগেই ফের বহুতল ভেঙে পড়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে রাজধানীর নির্মাণ নিরাপত্তা নিয়ে।


Share