CJP Protest

যন্তর মন্তরে বিক্ষোভে অনুমতি দিল না দিল্লি পুলিশ, শীর্ষ আদালতে রায় উল্লখ করে শনিবারের কর্মসূচি বাতিল করতে ককরোচ পার্টিকে নির্দেশ

অতীতে সংশ্লিষ্ট সংগঠনকে বিক্ষোভের অনুমতি দেওয়া হলেও নির্ধারিত সময়সীমা অতিক্রম করে কর্মসূচি চালিয়ে যাওয়া-সহ প্রশাসনিক শর্ত লঙ্ঘনের অভিযোগও চিঠিতে উল্লেখ করা হয়েছে। পুলিশের দাবি, এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ১০:৫২

আগামী ১০ অক্টোবর, শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি চেয়ে আবেদন করেছিল ‘ককরোচ জনতা পার্টি’। তবে সেই আবেদন খারিজ করে দিল দিল্লি পুলিশের নিউ দিল্লি জেলা। ৯ অক্টোবর, ২০২৬ তারিখে জারি করা চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন নিউ দিল্লি জেলার ডেপুটি কমিশনার অফ পুলিশ (DCP)।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাস এবং যুগ্ম সম্পাদক বলকৃষ্ণের পক্ষ থেকে ৭ অক্টোবর একটি চিঠি পাঠানো হয়েছিল। সেখানে ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দিনের শেষ পর্যন্ত যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা জানানো হয়।

দিল্লি পুলিশের বক্তব্য, ওই চিঠিটি কেবল প্রস্তাবিত বিক্ষোভ সম্পর্কে একটি আগাম তথ্য বা বিজ্ঞপ্তি। যন্তর মন্তরে কর্মসূচি পালনের জন্য এটি যথাযথ অনুমতির আবেদন হিসেবে গণ্য করা যায় না। পুলিশের নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী, কর্মসূচির নির্ধারিত দিনের অন্তত ১০ দিন আগে অনুমতির আবেদন জমা দিতে হয়। কিন্তু এক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, প্রতিবাদ করার অধিকার মৌলিক অধিকার হলেও, অনুমতি দেওয়ার ক্ষেত্রে অন্য নাগরিকদের মৌলিক অধিকার, স্থানীয় বাসিন্দাদের স্বার্থ এবং জনশৃঙ্খলার বিষয়গুলিও বিবেচনা করতে হয়। বিক্ষোভের কারণে যানজট, সাধারণ মানুষের ভোগান্তি এবং ব্যক্তি ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে বলেও উল্লেখ করেছে পুলিশ।

এর পাশাপাশি, অতীতে সংশ্লিষ্ট সংগঠনকে বিক্ষোভের অনুমতি দেওয়া হলেও নির্ধারিত সময়সীমা অতিক্রম করে কর্মসূচি চালিয়ে যাওয়া-সহ প্রশাসনিক শর্ত লঙ্ঘনের অভিযোগও চিঠিতে উল্লেখ করা হয়েছে। পুলিশের দাবি, এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল।

চিঠিতে ২০১৮ সালের সুপ্রিম কোর্টের ২৩ জুলাইয়ের তারিখের নির্দেশের উল্লেখ করে বলা হয়েছে, যন্তর মন্তরে কর্মসূচি পালনের ক্ষেত্রে নির্ধারিত নির্দেশিকা কঠোরভাবে মেনে চলা প্রয়োজন।

সব দিক বিবেচনা করে জনস্বার্থে ১০ অক্টোবরের প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ। ফলে ওই কর্মসূচির অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে।

উল্লেখ্য, শনিবারের ককরোচ পার্টির বিক্ষোভকে মাথায় রেখে যন্তর মন্তরের চার কিলোমিটারের মধ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাত ১০টা থেকে শনিবার রাত ১০টা পর্যন্ত ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। এ ছাড়াও, শনিবার দিল্লি জুড়ে ২০ হাজার পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। ৩০০-র বেশি সিসি ক্যামেরা লাগানো হবে। যন্তর মন্তরের আশেপাশের দেড় কিলোমিটার এলাকাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।


Share