Delhi House Collapse

দীপাবলির আগেই পুরোনো দিল্লিতে ভয়াবহ বিপর্যয়! ভেঙে পড়ল নির্মীয়মাণ তিন তলা বাড়ি, মৃত অন্তত দু’জন, ধ্বংসস্তূপে আটকে ছ’জন

দীপাবলির আগে পুরোনো দিল্লির চাওড়ি বাজারে নির্মীয়মাণ তিন তলা বাড়ি ভেঙে মৃত অন্তত দু’জন, ধ্বংসস্তূপে আটকে ছ’জন, চলছে উদ্ধারকাজ।

দিল্লিতে নির্মীয়মাণ বাড়ি ভেঙে দু’জনের মৃত্যু।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ ০১:২৫

দীপাবলির প্রস্তুতির মাঝেই ভয়াবহ দুর্ঘটনা পুরোনো দিল্লিতে। বৃহস্পতিবার সকালে চাওড়ি বাজার এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ তিন তলা বাড়ি। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা বাড়িটি। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত দু’জনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি ধ্বংসস্তূপের নীচে আরও অন্তত ছ’জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় দমকল এবং উদ্ধারকারী দল। চলছে উদ্ধারকাজ।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ চাওড়ি বাজার মেট্রো স্টেশনের কাছে গলি সিতারায় এই দুর্ঘটনা ঘটে। বাড়িটি নির্মাণের কাজ চলছিল। আচমকাই সেটি ভেঙে পড়তেই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। উদ্ধারকাজে সাহায্যের তাঁরাও হাত বাড়িয়ে দেন। তবে ধ্বংসস্তূপের নীচে ঠিক কতজন আটকে রয়েছেন, তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় দিল্লি দমকল বিভাগের ছ’টি ইউনিট। উদ্ধারকারী গাড়ি এবং জলের ট্যাঙ্কারও পাঠানো হয়েছে। দমকল বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চলছে। সংবাদ সংস্থা সূত্রে অন্তত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও প্রশাসনের তরফে হতাহতের সংখ্যা নিয়ে এখনও বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি।

দীপাবলির আগে পুরোনো দিল্লির চাঁদনি চক এবং চাওড়ি বাজারের পাইকারি বাজারগুলিতে ক্রেতাদের ভিড় বাড়ে। এমন ব্যস্ত এলাকায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় স্বাভাবিক ভাবেই উদ্বেগ ছড়িয়েছে। এর আগে গত ২৫ অক্টোবর দিল্লিতে বহুতল ভেঙে দু’জনের মৃত্যু হয়েছিল। সত্যনিকেতনের দুর্ঘটনার দু’মাস কাটতে না কাটতেই ফের বাড়ি ধসের ঘটনায় শহরের নির্মাণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কী কারণে নির্মীয়মাণ বাড়িটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। বাড়িটির নির্মাণ সংক্রান্ত কোনও অনিয়ম ছিল কি না, তা নিয়েও প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। উদ্ধারকাজ সম্পূর্ণ হওয়ার পরেই দুর্ঘটনার প্রকৃত কারণ এবং হতাহতের চূড়ান্ত সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসবে।


Share