Road Accident

ইনস্টাগ্রাম রিলস বানাতে গিয়ে মৃত্যু! ট্রাকের পিছনে ধাক্কা মারে বাইকটি, ভাইরাল ভিডিয়ো

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন যুবক সম্পর্কে ভাই হন। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত রিলস বানান তাঁরা। ওই দিনও বাইকে চড়ে রিলস বানাচ্ছিলেন। অন্য একটি বাইকে তাঁদের ভিডিয়ো করছিলেন প্রশান্ত দ্বিবেদী এবং প্রদীপ দ্বিবেদী নামে দুই যুবক।

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে তিন যুবক হেলমেট না পড়ে দ্রুত গতিতে বাইক চালাচ্ছে।
নিজস্ব সংবাদদাতা, মৌগঞ্জ
  • শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০৩:০৩

জাতীয় সড়কের ওপর দিয়ে এঁকেবেঁকে ছুটছে বাইক। তাতেই রয়েছে তিন ভাই। তাদের হাতে আবার দেশি পিস্তল। প্রকাশ্য দিবালোকে সেই পিস্তল নাচাতে নাচাতে তারা ইনস্টাগ্রাম রিলস বানাচ্ছেন। তবে শেষ রক্ষা হয়নি। টাল সামলাতে না পেরে একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে তাঁদের বাইক। ঘটনাস্থলেই মৃত্যু হয় উপলক্ষ্য কল (১৭), অমরীশ কল (২২) এবং হেমরাজ কলের (১৭)। মধ্যপ্রদেশের মৌগঞ্জে ঘটেছে ঘটনাটি। 

গত ১৪ এপ্রিল ঘটনাটি ঘটে। তবে রবিবার সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, দুপুরবেলা ব্যস্ত জাতীয় সড়ক ধরে বাস, ট্রাক যাচ্ছে। আর তার ফাঁক দিয়ে এঁকেবেঁকে ছুটছে একটি বাইক। তাতে বসে রয়েছেন তিন জন। কারও মাথায় হেলমেট নেই। পরনে গেঞ্জি আর প্যান্ট। একদম পিছনে বসে রয়েছেন এক যুবক। তাঁর হাতে একটি দেশি পিস্তল। মাঝে মধ্যেই গুলি চালানোর ভঙ্গিতে পিস্তলটি নাচাচ্ছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন যুবক সম্পর্কে ভাই হন। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত রিলস বানান তাঁরা। ওই দিনও বাইকে চড়ে রিলস বানাচ্ছিলেন। অন্য একটি বাইকে তাঁদের ভিডিয়ো করছিলেন প্রশান্ত দ্বিবেদী এবং প্রদীপ দ্বিবেদী নামে দুই যুবক। ভিডিয়োতে দেখা যাচ্ছে, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইট বোঝাই ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারে উপলক্ষ্যদের বাইক। সেটা দেখেই ব্রেক কষেন প্রশান্তরা। তাঁদের বাইকও উল্টে যায়

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়েন উপলক্ষ্য, অমরীশ এবং হেমরাজ। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, প্রশান্ত এবং প্রদীপও গুরুতর জখম হয়েছেন। প্রথমে তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। পরে অবস্থার অবনতি হওয়ায় রেওয়ার সঞ্জয় গান্ধী হাসপাতালে স্থানান্তর করা হয়। মৃত ও আহতরা প্রত্যেকেই বেলা গ্রামের বাসিন্দা।

রিলস বানাতে গিয়েই তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মৌগঞ্জ মহকুমার পুলিশ আধিকারিক সাচি পাঠক। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরির জন্য তিন যুবক বিপজ্জনক ভাবে গাড়ি চালাচ্ছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে। ঘটনার তদন্ত চলছে।’


Share