Nepal Flash Flood

নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই, এখনও খোঁজ নেই ২৯০ জন ভারতীয়ের, সব মিলিয়ে নিখোঁজ ১৫০০ জন

শুক্রবার সকাল পর্যন্ত নেপাল পুলিশের হিসাবে মৃত ৪৬৯ জন, নিখোঁজ ১,৪৭০ জনের মধ্যে ২৯০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি। বিপর্যস্ত এলাকায় জোরকদমে চলছে উদ্ধারকাজ, ভারত-সহ একাধিক দেশ সাহায্যের হাত বাড়িয়েছে।

নেপাল বিপর্যয়
নিজস্ব সংবাদদাতা, নেপাল
  • শেষ আপডেট: ২৮ আগস্ট ২০২৬ ০২:১৭

লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। নেপালে হড়াপা বানে মৃতের সংখ্যা ৫০০ ছুঁতে চলেছে। এখন আড়াইশো জনের বেশি ভারতীয় পর্যটকদের কোনও খোঁজ মিলছে না। নেপালের পর্যটন বিভাগ ৩৩টি দেশের কথা উল্লেখ করেছে। তার মধ্যে নিখোঁজ হওয়া ভারতীয় পর্যটকদের সংখ্যাই বেশি। 

শুক্রবার সকাল ৭টা পর্যন্ত ৪৬৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ। জখম হয়েছেন শতাধিক মানুষ। হড়পা বানে নেপালের মতো সীমান্তের ও পারে থাকা চীনের তিব্বতও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই দেশ মিলিয়ে এখনও পর্যন্ত ১ হাজার ৪৭০ জনের কোনও খোঁজ মেলেনি বলে জানানো হয়েছে। নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। এই পরিসংখ্যানে চীন এবং নেপালের নাগরিক নেই। নেপাল পুলিশ আরও জানিয়েছে, তাঁদের মধ্যে ২৯০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত বিপর্যস্ত এলাকাগুলি থেকে হেলিকপ্টারের মাধ্যমে এক হাজার ১৯৬ জনকে উদ্ধার করা হয়েছে। নেপাল পুলিশের সাত হাজার ২৫০ জন বাহীনি উদ্ধারকাজ চালাচ্ছেন। নেপালের সেনাবাহিনীর চার হাজার ২০০ জন উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। এ ছাড়াও, এক হাজার ৮৪৫ জন নেপালের সশস্ত্র পুলিশ বাহিনী উদ্ধারকাজে শামিল করা হয়েছে। হড়পা বানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়া দুই জেলা রাসুয়া, নুয়াকোটের জন্য নেপালি মুদ্রায় এক কোটি টাকা এবং পার্শ্ববর্তী ধাদিং জেলার জন্য ৫০ লক্ষ টাকা অর্থসাহায্যের ঘোষণা করেছে কাঠমান্ডু। 

ইতিমধ্যেই পড়শি নেপালের পাশে দাঁড়িয়েছে ভারত। ভারত সরকারের তরফে সে দেশে ত্রাণসামগ্রী পাঠিয়েছে। নেপালের পাশে থাকার বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেপালের বিপর্যয় প্রসঙ্গে তিনি বলেন, “এটা ভয়াবহ ঘটনা। আমরা নেপালের সঙ্গে কথা বলেছি। যে কোনও প্রয়োজনে সাহায্য করার প্রস্তাব দিয়েছি। আমরা ত্রাণ পাঠাচ্ছি। আমরা ওদের নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। এটাই বলেছি যে, যা প্রয়োজন আমাদের জানান। আমরা দেব।” ট্রাম্পের এই বার্তা সমাজমাধ্যমে পোস্ট করে করে ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিয়ো গোর বলেন, “এই দুঃসময়ে নেপালকে সাহায্য করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে আমেরিকা।”


Share