Assam Flood

অসমে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০, জলের তলায় ৪৫৬ গ্রাম! ঘরছাড়া লক্ষাধিক, বাড়ছে দুর্ভোগ

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গোলাঘাট। সেখানে প্রায় ৭০ হাজার মানুষ বন্যাকবলিত। দ্বিতীয় স্থানে রয়েছে শিবসাগর, যেখানে প্রায় ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, অসম
  • শেষ আপডেট: ১০ আগস্ট ২০২৬ ০১:৪৩

অসমের বন্যা পরিস্থিতির এখনও পুরোপুরি উন্নতি হয়নি। রাজ্য প্রশাসন সূত্রে খবর, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০০-তে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় কার্বি আংলং এবং গোলাঘাটে আরও দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনও বিস্তীর্ণ এলাকা জলের তলায়। ফলে ঘরছাড়া বহু পরিবার এখনও বাড়িতে ফিরতে পারেনি।

রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের পরিসংখ্যান অনুযায়ী, চরাইদেও, দারাং, গোলাঘাট, শিবসাগর, যোরহাট, কার্বি আংলং এবং নওগাঁও-এই সাত জেলায় মোট প্রায় এক লক্ষ ৩৭ হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গোলাঘাট। সেখানে প্রায় ৭০ হাজার মানুষ বন্যাকবলিত। দ্বিতীয় স্থানে রয়েছে শিবসাগর, যেখানে প্রায় ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। যোরহাটে বন্যার প্রভাব পড়েছে প্রায় ১৬ হাজার মানুষের উপর। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্গত এলাকাগুলিতে এখনও ত্রাণ ও পুনর্বাসনের প্রয়োজন রয়েছে।

প্রশাসন সূত্রে খবর, যেসব দুর্গম এলাকায় এখনও পর্যন্ত পৌঁছোনো সম্ভব হয়নি, সেখানেও ধীরে ধীরে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। বন্যাদুর্গতদের জন্য ছয়টি জেলায় মোট ১২৫টি ত্রাণশিবির ও ত্রাণবণ্টন কেন্দ্র খোলা হয়েছে। এখনও ৪৫৬টি গ্রাম জলের তলায় রয়েছে। বন্যার জেরে প্রায় ১২ হাজার হেক্টর কৃষিজমি ও ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দিকে, রাজ্যের একাধিক বড় নদীর জল এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। স্থানীয়দের দাবি, অনেক এলাকায় জল কমতে শুরু করলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। বন্যায় বহু মানুষের বাড়িঘর সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু বাড়ি অক্ষত থাকলেও সেখানে ফিরে গিয়ে বসবাস করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে দুর্গত এলাকাগুলিকে স্বাভাবিক ছন্দে ফেরানো সম্ভব হবে বলে আশাবাদী প্রশাসন।


Share