Central DA Hike

দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বড় উপহার, ৩% বাড়ল DA, কত বাড়বে বেতন?

দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA ৩ শতাংশ বাড়িয়ে ৬৩ শতাংশ করা হয়েছে, জুলাই থেকে মিলবে বর্ধিত ভাতা ও বকেয়া।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ০৪:৪৪

দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড় সুখবর। মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির অনুমোদন দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA ৩ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ থেকে ৬৩ শতাংশ করা হয়েছে। ২০২৬ সালের ১ জুলাই থেকে এই বর্ধিত হারের সুবিধা কার্যকর হবে। ফলে অক্টোবর মাসের বেতনের সঙ্গে মিলতে পারে গত চার মাসের বকেয়া মহার্ঘ ভাতাও।

কত টাকা বাড়বে মাসিক বেতন?

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ কর্মচারীর মাসিক বেতনে পরিবর্তন আসবে। মূল বেতনের উপর নির্ভর করবে অতিরিক্ত মহার্ঘ ভাতার পরিমাণ। সহজ হিসাব অনুযায়ী, কারও বেসিক বেতন ১৮ হাজার টাকা হলে মাসে অতিরিক্ত ৫৪০ টাকা পাবেন তিনি। ৩০ হাজার টাকা বেসিক বেতনে বাড়তি মিলবে ৯০০ টাকা। আবার ৫০ হাজার টাকা মূল বেতন হলে প্রতি মাসে অতিরিক্ত ১,৫০০ টাকা মহার্ঘ ভাতা পাওয়া যাবে।

অক্টোবরের বেতনের সঙ্গে কত বকেয়া?

যেহেতু বর্ধিত DA ১ জুলাই, ২০২৬ থেকে কার্যকর হবে, তাই জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসের বকেয়া পাওয়ার কথা। ১৮ হাজার টাকা বেসিক বেতনে চার মাসে বকেয়ার পরিমাণ ২,১৬০ টাকা। ৩০ হাজার টাকা মূল বেতনে তা হবে ৩,৬০০ টাকা। আর ৫০ হাজার টাকা বেসিক বেতনের ক্ষেত্রে চার মাসের বকেয়া দাঁড়াবে ৬,০০০ টাকা। তবে বকেয়া প্রদানের নির্দিষ্ট সময় ও পদ্ধতি সরকারি নির্দেশিকার উপর নির্ভর করবে।

সরকারের কত খরচ হবে?

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে সরকারি কোষাগার থেকে আনুমানিক ১০,০১৬ কোটি টাকা ব্যয় হবে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ঘোষণা অনুযায়ী, এই সিদ্ধান্তে প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দু’বার-জানুয়ারি ও জুলাই মাসে মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) সংশোধন করে। মূলত মূল্যবৃদ্ধির প্রভাব সামাল দিতে কর্মচারী ও পেনশনভোগীদের এই অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়া হয়।


Share