Suicide of DG Tripura

ত্রিপুরা পুলিশের সদর দফতর থেকে ডিজির দেহ উদ্ধার, নিজের সার্ভিস রিভলভার থেকে আত্মঘাতী বলে দাবি, চলছে ময়নাতদন্ত

অনুরাগ ধনখড় ২০০৩-০৪ সালে জাতিসঙ্ঘের কসোভো সম্মেলনে যোগ দিয়েছিলেন। ১৯৮৪ সালে শিখ দাঙ্গায় তদন্তের জন‍্য তৈরি হওয়া বিশেষ তদন্তকারী দলে নেতৃত্বও দিয়েছিলেন ত্রিপুরা পুলিশের প্রাক্তন ডিজি অনুরাগ ধনখড়।

আত্মঘাতী ত্রিপুরা পুলিশের ডিজি অনুরাগ ধনখড়।
নিজস্ব সংবাদদাতা, ত্রিপুরা
  • শেষ আপডেট: ২০ জুলাই ২০২৬ ০৪:৪০

ত্রিপুরা পুলিশে ডিজি অনুরাগ ধনখড়ের দেহ উদ্ধার হয়েছে। সোমবার সকালে পুলিশের সদর কার্যালয় থেকেই তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। ডিজি অনুরাগ ধনখড়কে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, নিজের সার্ভিস রিভলভার দিয়েই আত্মঘাতী হয়েছেন। দেহ ময়নাতদন্তের জন্য আগরতলায় গোবিন্দবল্লভ পন্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, ঘটনার পরে ত্রিপুরা পুলিশের ডিজি অনুরাগ ধনখড়ের দেহ ১২টা নাগাদ জিবি হাসপাতালে আনা হয়। কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন, হাসপাতালে নিয়ে পাল্স ছিল না। রক্তের চাপও ছিল না। ডিজি অনুরাগকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। দুপুর ১২টা ৪৮ মিনিট নাগাদ তাঁকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করা হয়। কী ভাবে মৃত্যু হল, তা জানতে ময়নাতদন্ত শুরু হয়েছে। রিপোর্ট এলেই সঠিক কারণ জানা যাবে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তের জন‍্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে ত্রিপুরা পুলিশ।

অনুরাগ ধনখড় ১৯৯৪ ব‍্যাচের আইপিএস অফিসার। ১৯৯৫ সালে ত্রিপুরা পুলিশে কাজ করা শুরু করেন। লংথারাই ভ‍্যালির এসডিপিও হন। তারপরে পদন্নতি পেয়ে অবিভক্ত পশ্চিম ও দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশের সুপার হন। স্পেশাল ব্রাঞ্চের সুপার এবং সদর দফতরের দায়িত্বও সামলেছেন অনুরাগ ধনখড়।

তার পরে ডেপুটেশনে কেন্দ্রে চলে যান। সিবিআইতে তিনি সুপার পদে ছিলেন। সেখানেই পদোন্নতি পেয়ে ডিআইজি হন। ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি সিবিআইতেই ছিলেন। সেখানে থাকাকালীন অনুরাগ ধনখড় নীরব মোদীর বিরুদ্ধে তদন্তের দায়িত্ব সামলেছেন। পরে ফের ত্রিপুরায় ফিরে আসেন। এসে রাজ‍্য পুলিশের আইজি (আইনশৃঙ্খলা)-র দায়িত্ব পান। সেই দায়িত্বে অনুরাগ ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ছিলেন।

আবার ২০১৬ সালে কেন্দ্রে ডেপুটেশনে চলে যান। ব‍্যুরো অফ পুলিশ রিসার্চ অ‍্যান্ড ডেভেলপমেন্টে আইজি হন। তারপরে সিআইএসএফে আইজি (পার্সোনাল) পদে যান। তারপর আবার সিবিআইয়ে যুগ্ম অধিকর্তা এবং অতিরিক্ত অধিকর্তার দায়িত্ব সামলান। আবার ত্রিপুরায় ফিরে আসেন। এসে তাঁকে ডিজি (ইন্টেলিজেন্স)-এর দায়িত্ব দেওয়া হয়। গত ২০২৫ সালে তাঁকে ত্রিপুরা পুলিশের ডিজি করা হয়।

এ ছাড়াও, অনুরাগ ধনখড় ২০০৩-০৪ সালে জাতিসঙ্ঘের কসোভো সম্মেলনে যোগ দিয়েছিলেন। ১৯৮৪ সালে শিখ দাঙ্গায় তদন্তের জন‍্য তৈরি হওয়া বিশেষ তদন্তকারী দলে নেতৃত্বও দিয়েছিলেন ত্রিপুরা পুলিশের প্রাক্তন ডিজি অনুরাগ ধনখড়।


Share