Raid Against Terrorism

সমাজমাধ‍্যমকে হাতিয়ার করে পাকিস্তানের ইসলামিক জঙ্গি সংগঠনে নিয়োগের পরিকল্পনা, জম্মু ও কাশ্মীরের ছ’টি জায়গায় চলছে কাউন্টার ইন্টেলিজেন্সের তল্লাশি অভিযান

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্থানীয় যুবকদের জঙ্গি সংগঠনে নিয়োগ ও মগজধোলাইয়ের অভিযোগ উঠেছে। অভিযানে ডিজিটাল ডিভাইস ও গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, জম্মু-কাশ্মীর
  • শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ ০৫:১০

ইসলামিক জঙ্গি সংগঠনে নিয়োগ চক্রের মামলায় জম্মু ও কাশ্মীরের ছয় জায়গায় পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্সের আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছেন। অভিযোগ, পাকিস্তানের ইসলামিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা জম্মু ও কাশ্মীরের যুবকদের জঙ্গি সংগঠনে নিয়োগের জন্য নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা করেছে। তার জন‍্য সমাজমাধ‍্যমকে ব‍্যবহার করা হচ্ছে। সেই সূত্র ধরেই এই তল্লাশি অভিযান বলে দাবি করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, গত তিন বছর আগে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই এই অভিযান বলে জানা গিয়েছে। অভিযোগ, পাকিস্তানের ইসলামিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা সন্ত্রাসমূলক কার্যকলাপ বৃদ্ধি করতে জম্মু ও কাশ্মীরের যুবকদের নিশানা করছে। পাকিস্তানে বলে হ্যান্ডলাররা এবং অন্যান্য নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজশ করে এই চক্রটি পরিচালনা করছিল। বিভিন্ন সমাজমাধ‍্যমে উগ্র ইসলামের প্রচার চালিয়ে যুবকদের মগজধোলাই করছিল। ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরের যুবকদের উস্কানি দিচ্ছিল বলে অভিযোগ উঠেছে। 

সেই মামলার তদন্তেই জম্মু ও কাশ্মীরের কাউন্টার ইন্টেলিজেন্স স্থানীয় পুলিশ ও রাজস্ব দফতরের আধিকারিকদের সঙ্গে সমন্বয় রেখে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে বদগাম, শ্রীনগর, বিজবেহারা, অনন্তনাগের মত্তান এবং পুলওয়ামার একটি গ্রামে তল্লাশি চালাচ্ছেন। 

তদন্তকারী সংস্থার দাবি, শ্রীনগরের শালটেং থানার কাছে মহম্মদ ইয়াসিন মির নামে এক যুবকের বাড়িতে তল্লাশি চলছে। ইয়াসিনের মা তাবাসুম শাহিন পাকিস্তানের নাগরিক। গত বছরের ২৯ এপ্রিল তাবাসুম পাকিস্তানে চলে যায়। তারপর থেকে আর ফিরে আসেননি। তাবাসুম কী করে পাকিস্তানের গিয়েছে তা স্পষ্ট নয়। তদন্তকারীদের দাবি, তাবাসুম এখনও তার ছেলে ইয়াসিনের সঙ্গে যোগাযোগ রাখছে। এই যোগাযোগের বিষয়টিই তদন্তের আওতায় রয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। 

অন‍্য দিকে, বদগামের মাগামের আগরিকালানের বাসিন্দা পিরজাদা আনায়াত উল্লাহ শাহের বাড়িতেও আরেকটি তল্লাশি চালানো হয়। সূত্রের খবর, তল্লাশির সময় ডিজিটাল ডিভাইস এবং নথিপত্র-সহ অপরাধের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। সীমান্তের ওপারে থাকা পাকিস্তানি হ্যান্ডলার এবং স্থানীয় যোগাযোগের সূত্র খুঁজে বের করতে বাজেয়াপ্ত সামগ্রীগুলি পরীক্ষা করা হচ্ছে।


Share