Election Commission

ই-সই না থাকলেও ভোটার তালিকায় নাম তোলার নির্দেশ কমিশনের, ইআরওদের দেওয়া হল বিশেষ ক্ষমতা

কমিশন জানিয়েছে, কোনও ভোটারের বিষয়ে বিচার বিভাগীয় আধিকারিক সিদ্ধান্ত নিয়ে থাকলেও সেই নির্দেশে এখনও ই-সই না হলে, শুধুমাত্র সেই কারণে সংশ্লিষ্ট ভোটারের নাম বিচারাধীন অবস্থায় ফেলে রাখা যাবে না।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ ১০:৪১

বিচারকদের ই-সই না থাকলেও বিবেচনাধীন ভোটারদের নাম ভোটার তালিকায় তোলা যাবে। শুক্রবার এমনই নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, কোনও ভোটারের বিষয়ে বিচার বিভাগীয় আধিকারিক সিদ্ধান্ত নিয়ে থাকলেও সেই নির্দেশে এখনও ই-সই না হলে, শুধুমাত্র সেই কারণে সংশ্লিষ্ট ভোটারের নাম বিচারাধীন অবস্থায় ফেলে রাখা যাবে না। বিচারকের লিখিত সিদ্ধান্তের ভিত্তিতেই ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার ভোটার তালিকায় প্রয়োজনীয় পরিবর্তন করতে পারবেন।

খসড়া ভোটার তালিকায় বহু ভোটারের নামের পাশে ‘বিবেচনাধীন’ লেখা রয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে বিচার বিভাগীয় আধিকারিকেরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তা সত্ত্বেও ই-সই না হওয়ার কারণে সংশ্লিষ্ট ভোটারদের নাম এখনও বিচারাধীন দেখানো হচ্ছে। এই পরিস্থিতিতে কমিশনের নির্দেশ, বিচারকের লিখিত নির্দেশকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ধরে ইআরওদের কাছে পাঠাতে হবে। সেই নির্দেশ অনুযায়ী ইআরওরা ভোটার তালিকায় প্রয়োজনীয় সংশোধন করবেন।

অন্য দিকে, যে সব ক্ষেত্রে বিচার বিভাগীয় আধিকারিকেরা এখনও কোনও সিদ্ধান্ত নেননি, সেই আবেদনগুলিও কমিশন ইআরওদের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে। আইন মেনে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন ইআরওরা। অর্থাৎ, শুধুমাত্র বিচারকের ই-সই না হওয়ার কারণে কোনও ভোটারের নামের নিষ্পত্তি আটকে রাখা যাবে না বলে কমিশন স্পষ্ট করেছে।

তবে বিচারকেরা যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন এবং সেই সিদ্ধান্তের বিরুদ্ধে যাঁরা ট্রাইবুনালে আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ জারি করা হয়েছে। কমিশন জানিয়েছে, ট্রাইবুনালের সিদ্ধান্ত না আসা পর্যন্ত ওই ভোটারদের কাছ থেকে নতুন করে ফর্ম-৬ নেওয়া যাবে না। ট্রাইবুনাল যদি নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখে, তবে তা কার্যকর করতে হবে।

এ দিকে, রাজ্যে বুথ পুনর্বিন্যাসের ক্ষেত্রেও নির্বাচন কমিশন ছাড়পত্র দিল। বুথের জায়গা পরিবর্তনের জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর কমিশনের কাছে অনুমতি চেয়েছিল। শুক্রবার সেই অনুমতি দেওয়া হয়েছে। তবে বুথের অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে কমিশন কয়েকটি শর্তও বেঁধে দিয়েছে। যে সব এলাকায় বুথের জায়গা বদল করা হবে, সেখানকার রাজনৈতিক দলগুলিকে আগাম বিষয়টি জানাতে হবে। পাশাপাশি, নতুন বুথের ঠিকানা সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার ভোটারদেরও যথাযথ ভাবে অবহিত করতে হবে। ফলে এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার তালিকা সংশোধন এবং বুথ পুনর্বিন্যাস নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল নির্বাচন কমিশন।


Share